পানিতে ডুবে মারা গেছেন ব্যবসায়ী খালেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিতে ডুবে ব্যবসায়ী হাসান খালেদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তিনি নিজে পানিতে ঝাঁপ দিয়েছেন, নাকি অন্য কেউ তাঁকে ফেলে দিয়েছে, সেই প্রশ্নের কোনো জবাব মেলেনি।
গত ২৩ জুলাই ধানমন্ডির বাসা থেকে নিখোঁজ হয়েছিলেন হাসান খালেদ। তিন দিন পর বুড়িগঙ্গা নদীতে তাঁর লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশের ভিসেরা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে গত বৃহস্পতিবার প্রতিবেদন হাতে পায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবি দক্ষিণের উপকমিশনার (ডিসি) মাশরুকুর রহমান বলেন, পানিতে ডুবে হাসান খালেদের মৃত্যু হয়েছে। কীভাবে তিনি পানিতে ডুবলেন, তা তদন্ত করা হচ্ছে। শিগগিরই তদন্তকাজ শেষ হবে বলে তিনি জানিয়েছেন।
ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিবিসিসিআই) সভাপতি ছিলেন হাসান খালেদ। তাঁর লাশ উদ্ধারের পর গত ২ জুলাই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধানমন্ডি থানায় একটি মামলা হয়। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। মামলার বাদী হাসান খালেদের ভাই মুরাদ হাসান সম্প্রতি বলেন, হাসান খালেদ সাঁতার জানতেন না। তিনি আত্মহত্যা করবেন, এটা তিনি মানতে পারছেন না। তবে নাম প্রকাশ না করার শর্তে হাসান খালেদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, ব্যাংকে হাসান খালেদের ৫০ লাখ টাকার মতো ঋণ ছিল। ব্যবসার অবস্থাও ভালো ছিল না। এ কারণে তিনি খুব চিন্তিত ছিলেন।
স্ত্রী, এক মেয়েসহ ধানমন্ডির ৪/এ নম্বর সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন হাসান খালেদ। পরিবারের দাবি, ২৩ জুলাই সকাল সাড়ে আটটার দিকে ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হন হাসান খালেদ। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই দিন রাতে তাঁর নিখোঁজের ঘটনায় ধানমন্ডি থানায় একটি জিডি করেছিলেন হাসান খালেদের শ্যালক শরিফুল আলম।
শরিফুল আলম গতকাল রোববার বলেন, প্রতিবেদন সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে তাঁদের কিছু জানায়নি। তবে হাসান খালেদ আত্মহত্যা করেছেন, এটা তিনি মানেন না। এ সম্পর্কে জানতে হত্যা মামলার বাদী মুরাদ হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।