পানিতে ডুবে শিশুমৃত্যু একটি গোপন মহামারি
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বলছে, এশিয়ার একাধিক দেশে শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ পানিতে ডুবে যাওয়া। পানিতে ডুবে শিশুমৃত্যু একটি গোপন মহামারি। তবে এ ধরনের মৃত্যু রোধে দেশগুলোতে কার্যকরী ও ব্যয়সাশ্রয়ী কর্মসূচি নেওয়া হচ্ছে না।বাংলাদেশ, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড—এই চারটি দেশ ও চীনের দুটি প্রদেশে (বেইজিং ও জিয়াংজি) ‘চাইল্ড ড্রাউনিং—এভিডেন্স ফর এ নিউলি রেকগনাইজড এপিডেমিক অ্যান্ড ইটস প্রিভেনশন’ শীর্ষক জরিপের ওপর ভিত্তি করে ইউনিসেফ এ কথা বলছে। ইউনিসেফের গবেষণা কার্যালয়ের সহায়তায় দি এলায়েন্স ফর সেফ চিলড্রেন এ জরিপ করেছে। গতকাল বুধবার ইউনিসেফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ দেশগুলোতে প্রতি চারটি শিশুমৃত্যুর (এক-চার বছর বয়সী) মধ্যে একটি হয় পানিতে ডুবে। পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা হাম, পোলিও, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া ও যক্ষ্মাজনিত কারণে মৃত্যুর মোট সংখ্যার চেয়েও বেশি। ইউনিসেফের গবেষণা কার্যালয়ের পরিচালক গর্ডন আলেকজান্ডারকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পানিতে ডুবে মৃত্যু একটি গোপন মহামারি হিসেবে চলে আসছে। এই মৃত্যু রোধে সফলতা আসেনি। পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি রাজনৈতিক নজরের বাইরে থেকে গেছে।জরিপ অনুযায়ী, পানিতে ডুবে মৃত্যুর দুর্ঘটনাগুলো সাধারণত ঘটে বাড়ি থেকে ২০ মিটার দূরত্বের মধ্যে। বিজ্ঞপ্তি।