পানিতে ডুবে শিশুমৃত্যু না কমলে এমডিজি অর্জন কঠিন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ায় প্রতি মিনিটে দুজন শিশু পানিতে ডুবে মারা যায়। বছর শেষে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় সাড়ে তিন লাখে। শুধু বাংলাদেশেই বছরে ১৮ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। শিশুস্বাস্থ্য গবেষকেরা মনে করেন, পানিতে ডুবুে শিশুমৃত্যুর হার কমাতে না পারলে এশিয়ার বেশ কিছু দেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন করতে পারবে না।গতকাল শনিবার ‘এশিয়ায় পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ: আঞ্চলিক কর্মকৌশলের প্রধান বিবেচ্য’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারী ব্যক্তিরা এসব কথা বলেন। ঢাকায় ইন্টারন্যাশনাল ড্রাউনিং রিসার্চ সেন্টার বাংলাদেশ (আইডিআরসিবি) তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে। এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে কৌশল নির্ধারণ করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।কর্মশালায় আইডিআরসিবির পরিচালক আমিনুর রহমান বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোয় পানিতে ডুবে শিশুমৃত্যুর হার উন্নত দেশগুলোর তুলনায় প্রায় ২০ গুণ বেশি। সকাল নয়টা থেকে দুপুর দুইটার মধ্যে মায়েরা যখন কাজে ব্যস্ত থাকেন, তখন বাড়ির কাছে ডোবা বা পুকুরে পড়ে গিয়ে বেশির ভাগ শিশুর মৃত্যু হয়। এসব শিশুর বেশির ভাগের বয়স ১০ মাস থেকে দুই বছর। তিনি বলেন, পাঁচ থেকে ১৭ বছর বয়সী শিশুরা মারা যাচ্ছে সাঁতার না জানার কারণে। তিনি বলেন, এই শিশুদের বাঁচাতে বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার।সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান বলেন, সরকার শিশুমৃত্যুর হার কমানোয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। কিন্তু অসংখ্য শিশু পানিতে ডুবে মারা গেলেও এ বিষয়ে সরকারের মাথাব্যথা নেই। এতে শিশুমৃত্যুর হার কমানোর সাফল্য ম্লান হয়ে যাচ্ছে।সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রতিনিধিরা বলেন, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে ওই সব দেশেও সরকারের সমন্বিত পরিকল্পনা নেই। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কিছু কিছু কাজ করছে।তবে কর্মশালায় উপস্থিত ভিয়েতনামের সরকারি প্রতিষ্ঠান অ্যাডমিনিস্ট্রেশন অব চাইল্ড কেয়ার অ্যান্ড প্রটেকশনের সহকারী পরিচালক নাগুয়েন ত্রং এ্যান বলেন, ভিয়েতনামে একাধারে বাড়ি, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে শিশুদের জন্য নিরাপদ করে তোলার চেষ্টা চলছে সরকারি উদ্যোগে।কর্মশালায় গবেষকেরা পানিতে ডুবে শিশুমৃত্যুর হার কমাতে তিনটি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে উল্লেখ করেন। থাইল্যান্ডের গবেষক মাইক লিনান বলেন, ১০ মাস থেকে দুই-তিন বছর বয়সী শিশুকে চোখে চোখে রাখা এবং চার বছর বয়স থেকে শিশুকে সাঁতার শেখানোর বিকল্প নেই। এর বাইরে পানি থেকে তোলার পরপরই শিশুর শ্বাস-প্রশ্বাস প্রতিস্থাপনের জন্য চেষ্টা করা করতে হবে। তৃতীয়ত, শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।কর্মশালায় আরও বক্তব্য দেন বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নমিতা হালদার, ঢাকাস্থ অস্ট্রেলীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রিচেল পেইন, অস্ট্রেলিয়ার রয়্যাল লাইফ সেভিং সোসাইটির প্রধান পরিচালনা কর্মকর্তা জাস্টিন স্কার, থাইল্যান্ডের এনজিও প্রতিনিধি তারিনা রুবিন প্রমুখ। আজ প্রতিনিধিরা সিরাজগঞ্জের রায়গঞ্জ যাবেন একটি প্রকল্প দেখতে। আগামীকাল অন্যান্য দেশের প্রতিনিধিরা তাঁদের বক্তব্য উপস্থাপন করবেন এবং তারপর কর্মকৌশল ঠিক করবেন। ভিয়েতনামে আগামী বছরের মে মাসে এ বিষয়ে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।