পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সমন্বয় প্রয়োজন
পানিতে ডুবে শিশুমৃত্যুর হার কমিয়ে আনতে নীতিনির্ধারণী পর্যায় থেকে তৃণমূলের প্রতিনিধিদের সম্পৃক্ত এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। গতকাল সোমবার ইন্টারন্যাশনাল ড্রাউনিং রিসার্চ সেন্টার, বাংলাদেশ আয়োজিত কর্মশালার শেষ দিনে শিশুস্বাস্থ্য গবেষকেরা এ মন্তব্য করেন।‘এশিয়ায় পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ: আঞ্চলিক কর্মকৌশলে প্রধান বিবেচ্য’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালায় এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা গবেষকেরা তাঁদের নিজ নিজ দেশের পরিস্থিতি তুলে ধরেন এবং করণীয় নির্ধারণে নানা সুপারিশ করেন।পানিতে ডুবে শিশুমৃত্যু রোধের উদ্যোগকে বেগবান করতে আরও সম্পদ সংগ্রহ, সমাজকে সম্পৃক্ত করা এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয়। গবেষকেরা বলেন, সব স্তরকে সম্পৃক্ত করতে পারলেই প্রতিরোধের বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে।