পানিতে ডুবে শিশুর ও জলাতঙ্কে ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পারুরিয়া গ্রামে গতকাল সোমবার সকালে একটি পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন (৫) নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।এদিকে ঘিওর উপজেলার আগুনপুর গ্রামে কুকুরের কামড় খেয়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গতকাল সকালে হাসেম শেখ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।আরাফাত পারুরিয়া গ্রামের ফরিদ হোসেনের ছেলে। ফরিদ জানান, সকাল নয়টার দিকে আরাফাত পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী ও স্বজনেরা আরাফাতকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। শিশুটিকে উদ্ধার করে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।মৃত হাসেম শেখের ছেলে সেলিম শেখ সাংবাদিকদের জানান, প্রায় দুই মাস আগে বাড়ির পাশে একটি কুকুর তাঁর বাবার বাঁ পায়ে কামড় দেয়। বিষয়টিকে তাঁরা গুরুত্ব না দিয়ে গ্রামের এক কবিরাজের কাছে চিকিৎসা করান। সপ্তাহ খানেক আগে তাঁর বাবার আচরণ ও অন্যান্য উপসর্গ দেখে বিষয়টি জলাতঙ্ক বলে সন্দেহ হয়। গত শনিবার ঢাকার মহাখালীতে একটি হাসপাতাল থেকে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর বাবা জলাতঙ্ক রোগে আক্রান্ত। চিকিৎসকেরা রোগীর অবস্থা চূড়ান্ত পর্যায়ে জানালে ওই দিনই তাঁর বাবাকে বাড়ি নিয়ে আসেন। গতকাল সকাল নয়টার দিকে বাড়িতেই তাঁর বাবার মৃত্যু হয়।