পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু
কুষ্টিয়া ও নীলফামারীতে পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ও দুপুরে পৃথক এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে।
কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে বিথি খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিথি ওই গ্রামের কৃষক বারিক আলীর মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির পাশে একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে তার মা। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুর রাকিব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।
এদিকে নীলফামারীর সৈয়দপুরে নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে জাকারিয়া আলী (৪৫) নামের এক জেলে মারা গেছেন। তিনি পূর্ব বেলপুকুর সাতপাই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে জাকারিয়া উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাতপাই গ্রামের কাছে চিকলি নদীতে মাছ ধরতে যান। নদীর প্রবল স্রোত তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। পরে এলাকার লোকজন এক কিলোমিটার দূর থেকে তাঁর লাশ উদ্ধার করে। কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।