পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর ও মাদারীপুরে পানিতে ডুবে গত দুই দিনে দুটি শিশু মারা গেছে। শিশু দুটির নাম হান্নান শেখ (৭) ও দেব বাড়ৈ (৫)।
গতকাল মঙ্গলবার ভোরে ফরিদপুর শহরের রঘুনন্দপুর হাউজিং এস্টেট-সংলগ্ন একটি পুকুরে পড়ে মারা যায় বাক্প্রতিবন্ধী শিশু হান্নান শেখ (৭)। তার বাবা দিনমজুর গোলা শেখ গতকাল প্রথম আলোকে বলেন, কাউকে না বলে ভোরবেলা ঘর থেকে বেরিয়ে যায় হান্নান। আধা ঘণ্টা পর খোঁজাখুঁজি শুরু হলে বাড়ির পাশের পুকুরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, তাঁর ছেলে মৃগী রোগী ছিল।
এর আগে গত সোমবার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে দেব বাড়ৈ (৫) নামের এক শিশু। ওই দিন বিকেলে এ ঘটনা ঘটে উপজেলার খালিয়া ইউনিয়নের উল্লাবাড়ি গ্রামে। সে ওই গ্রামের শান্ত বাড়ৈর ছেলে।
এলাকাবাসী বলেন, খেলার একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।