পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নের চরসাদীপুরে পদ্মা নদীর শাখা খালে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো বোন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তিন শিশু হলো সাদীপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে মরিয়ম খাতুন (৮), একই উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের সাইদুর রহমানের দুই মেয়ে সালমা খাতুন (৬) ও লাবণী খাতুন (৪)। মরিয়ম খাতুন অপর দুই শিশুর খালাতো বোন।
মৃত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, ওই তিন শিশুর এক মামার আজ শনিবার সৌদি আরব যাওয়ার কথা। এ জন্য শিশুরা তাদের মা-বাবার সঙ্গে চরসাদীপুর গ্রামে নানা ইউনুস শেখের বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল দুপুরের দিকে নানা বাড়ির পাশেই পদ্মা নদীর এক শাখা খালে অন্যদের সঙ্গে গোসল করতে যায় ওই তিন শিশু। একপর্যায়ে তিনজনই খালের পানিতে ডুবে যায়। প্রায় এক ঘণ্টা পর তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।