পানিতে ডুবে ৫ জনের মৃত্যু
কক্সবাজারের টেকনাফ ও চকরিয়া এবং চট্টগ্রামের ফটিকছড়িতে গতকাল শুক্রবার পানিতে ডুবে পাঁচজন মারা গেছে।
টেকনাফ: পরিবার ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে আবদুর রহমান (৩৩) নাফ নদীর চরে মাছ ধরতে যান। পরে তাঁকে নাফ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্বজনেরা আবদুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মো. বায়জিদ (১২) নামের একটি শিশুকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরে আলম দ্বীন বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, পানিতে ডুবে এই দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা করা হবে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ কে আনোয়ার প্রথম আলোকে জানান, গতকাল সকালের দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া গ্রামের বাসিন্দা ইউছুফ জালালের ছেলে মো. ফারুকসহ (৯) কয়েকজন নাফ নদীর চৌধুরীপাড়া খালসংলগ্ন প্যারাবনে কেওড়া ফল আনতে যায়। এ সময় খালের স্রোতের টানে পড়ে ফারুক ভেসে যায়। বিকেল পাঁচটার দিকে রঙ্গিখালী লামারপাড়া পয়েন্ট থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামে গতকাল পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মুহাম্মদ সাইমন (৮) মধ্যম কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে মুহাম্মদ রাজা আলীর একমাত্র ছেলে।
কাঞ্চননগর ইউপির চেয়ারম্যান মো. রশিদ উদ্দিন চৌধুরী জানান, বেলা ১১টার দিকে সাইমন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাশের পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়া শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
চকরিয়া: কক্সবাজারের চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামে গতকাল পুকুরে ডুবে মোতাহের হোসেন (১১) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। মোতাহেরের বাড়ি ওই গ্রামে। সে পালাকাটা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে মোতাহের বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পর সে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তার শরীর ভেসে ওঠে। পরে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ছাবের বলেন, মোতাহেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।