পানিতে তলিয়ে যাচ্ছে ৮০০ হেক্টরের ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ৮০০ হেক্টর জমিতে রোপণ করা বিভিন্ন জাতের আউশ ধান পানিতে তলিয়ে যাচ্ছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে নিচু এলাকার জমিগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই।
গত ১৯ আগস্ট সরেজমিনে দেখা যায়, প্রকল্পের দক্ষিণ ও উত্তর ফতেপুর, ঠেটালিয়া, লুধুয়া, রসুলপুর, গজরা, ছৈয়ালকান্দি, আমুয়াকান্দি, বিনন্দপুর, ছোট ও বড় হলদিয়াসহ আরও কয়েকটি এলাকার নিচু ধানি জমিতে বৃষ্টির পানি আটকে আছে। জলাবদ্ধতা বাড়তে থাকলে অল্প সময়ের মধ্যেই এসব ফসল পানির নিচে তলিয়ে যাবে। ইতিমধ্যে পচতে শুরু করেছে কিছু কিছু জমির ধানগাছ।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবহারকারী সমিতির সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন বলেন, প্রকল্পের অন্তত ৮০০ হেক্টর জমিতে জলাবদ্ধতা রয়েছে। দ্রুত পানি নিষ্কাশন করা প্রয়োজন।
উপজেলার দক্ষিণ ফতেপুর গ্রামের আউশচাষি সাহেব আলী বলেন, ‘আমার ৩০ শতক জমির আউশ ধান পাকনের পথে। আর এট্টু বিষ্টি অইলেই পানির নিচে তলাইয়া যাইব ফসল। পানি হরানের জন্য পাউবোর কোনো উদ্যোগ নাই। হেই বেডারা কি ঘুমাইয়া রইছে?’
মতলব উত্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রকল্পের তিন হাজার ৫৮০ হেক্টর জমিতে আইআর-৫০, বিআর-২৮, ১৪, ১৬, ২৪, ২৮ সহ আরও কয়েক জাতের আউশ ধানের চারা রোপণ করা হয়। এর মধ্যে আইআর-৫০ জাতের আউশ রোপণ করা হয় ২০ ভাগ জমিতে। বাকিগুলো রোপণ করা হয়েছে ৮০ শতাংশ জমিতে। এসব জমির ফসলই মূলত এখন পানিতে তলিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম মজুমদার বলেন, পানি সরানোর জন্য পাউবো কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।
পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী (মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত) গাজী ইয়ার আলী গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।