পানিতে তলিয়ে রয়েছে ১০০ হেক্টর জমির ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে ১০০ হেক্টর জমির উচ্চফলনশীল (উফশী) বোরো ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং গতকাল মঙ্গলবারের টানা বৃষ্টিপাতের কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফসল তলিয়ে যাওয়ায় প্রকল্পের কৃষকেরা হতাশায় ভুগছেন।গত নভেম্বর-ফেব্রুয়ারি মাসে এসব ধানের চারা লাগানো হয়। সরেজমিনে দেখা গেছে, প্রকল্পের ফতেপুর, লুধুয়া, ঠেটালিয়া, আবুরকান্দি, ছৈয়ালকান্দি, গজরা, ওটারচর, ফরাজিকান্দি, নাউরী, বড় ও ছোট হলদিয়া এলাকায় ধানি জমিতে দু-তিন ফুট উচ্চতার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব জমির ধানের গাছ ও ফলনে পচন ধরেছে।ফতেপুর গ্রমের ধানচাষি আ. ওয়াদুদ বলেন, ‘তিন-চারডা জমিনে বোরো লাগাইছি। ধানের ছরা পাকনের পতে। বৃষ্টির পানি আটকাইয়া এগুলা পইচা যাইতাছে। হেরা (পাউবো) তাড়াতাড়ি পানি সরাইতেছে না। বড় চিন্তায় আছি।’মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আ. কাইউম বলেন, ‘এই মৌসুমে (নভেম্বর-ফেব্রুয়ারি) প্রকল্পে সাড়ে সাত হাজার হেক্টর জমিতে বোরো ধানের (বিআর-২৮ ও ২৯) চাষ হয়। এখন পর্যন্ত সাড়ে তিন হাজার জমির ফসল কাটা হয়েছে। বাকি চার হাজার হেক্টর জমির বোরো ধান (বিআর-২৯) এখনো জমিতে। জলাবদ্ধতার কারণে বিপুল পরিমাণ জমির ধান নষ্ট হবে।’পানি উন্নয়ন বোর্ডের চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প) গাজী ইয়ার আলী প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পে ১০০ হেক্টর ধানি জমিতে পানি আটকে রয়েছে। যন্ত্রের সাহায্যে (পাম্পিং) এই পানি সরানোর চেষ্টা চলছে। এর পরও কিছু জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে।’