পানিতে নামলেই হাতে-পায়ে ঘা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই রাজশাহী নগরের বর্জ্য পানি নালা দিয়ে বারনই নদীতে গিয়ে পড়ছে। ছবিটি সম্প্রতি তোলা l শহীদুল ইসলাম
এভাবেই রাজশাহী নগরের বর্জ্য পানি নালা দিয়ে বারনই নদীতে গিয়ে পড়ছে। ছবিটি সম্প্রতি তোলা l শহীদুল ইসলাম

জেলের ছেলেকে মাছ ধরা থেকে ঠেকাবে কে? কিন্তু পানিতে নামলেই হাত-পায়ে ঘা হয়। বাবার মারের ভয়ে দু-চার দিন থেমে থাকে। তারপর আবার নামে। আবার সেই ঘা, এটাই যত যন্ত্রণা।

কথাগুলো বলছিলেন রাজশাহীর বারনই নদের তীরের মহানন্দাখালী গ্রামের উত্তম হালদারের স্ত্রী মিতালি হালদার। তাঁর বাড়ির পাশ দিয়ে রাজশাহী নগরের বর্জ্য বারনই নদে গিয়ে পড়ে। ওই দূষিত পানিতে গোসল ও মাছ শিকার করে তাঁর ছেলে উদয় হালদারের (১৩) দুই হাত ও দুই পায়ে ঘা হয়েছে। মিতা হালদার বলেন, ‘আমরা জেলে পরিবার। জল ছাড়া আমাদের ভাত নাই।’

একই গ্রামের বিরেন হালদারের ছেলে ছোট কুমার মণ্ডল (১২) ও পরিমল হালদারের ছেলে পার্থ হালদারেরও (৯) হাতে-পায়ে ঘা হয়েছে।

এভাবে শুধু উদয়, ছোট কুমার, পার্থ হালদার নয়; রাজশাহী নগরের বর্জ্যের কারণে বারনই নদের তীরের চার গ্রামের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে ভুগছে। এই গ্রামগুলো হচ্ছে জেলার পবা উপজেলার মহানন্দাখালী, মধুসূদনপুর, পুঠিয়াপাড়া ও আলাইবিদিরপুর। এলাকাবাসীর ভাষ্য, যেদিন স্লুইসগেট খুলে দেওয়া হয়, সেদিন নগরের বিষাক্ত পানিতে অনেক মাছও মরে যায়।

রাজশাহীর বারনই নদীর পানি ব্যবহার করে এলাকার মানুষ এ রকম চর্মরোগে আক্রান্ত হচ্ছেন l ছবি: প্রথম আলো
রাজশাহীর বারনই নদীর পানি ব্যবহার করে এলাকার মানুষ এ রকম চর্মরোগে আক্রান্ত হচ্ছেন l ছবি: প্রথম আলো

মধুসূদনপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নূর আলম বলেন, গত তিন বছরে তিনি পার্শ্ববর্তী তিন-চার গ্রামে এ ধরনের তিন শতাধিক রোগী পেয়েছেন। নদের পানির কারণেই এই রোগ হচ্ছে এটা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। তবে ভুক্তভোগীদের বেশির ভাগই বলছেন, নদের পানিতে নামলেই এই সমস্যা বাড়ে।
দুটি নালা হয়ে রাজশাহী নগরের সব বর্জ্য উত্তর দিকে বারনই নদে গিয়ে পড়ে। দুটি নালার মুখে দুটি স্লুইসগেট লাগানো রয়েছে। বন্ধ অবস্থায়ও ধীরে ধীরে দূষিত পানি নদে যায়। তবে নালায় পানি বেশি হলে তখন গেট খুলে দেওয়া হয়। অশোধিত পানি নদে গিয়ে পড়লে নদের পানির রং পাল্টে যায়। তখন কিছু কিছু মাছ মরে ভেসে ওঠে।
পুঠিয়াপাড়া গ্রামের আবুল কাশেম (৪৫) বলেন, শুষ্ক মৌসুমে যখন নদের পানি কমে আসে, স্রোত থাকে না, তখন শহরের বিষাক্ত বর্জ্যের কারণে নদের পানিও দূষিত হয়ে যায়। তাঁর নিজের ও তাঁর দুই ছেলের শরীরে ঘা হয়েছিল। ঢাকায় গিয়ে চিকিৎসা করাতে হয়েছে। মাস তিনেক আগে তিনি সুস্থ হয়েছেন। এখন বাড়ির পাশে নলকূপ বসিয়েছেন। নদে আর গোসল করেন না।
একই গ্রামের তহমিনা খাতুন (৩০) বলেন, তাঁর নিজের, স্বামীর ও তিন ছেলেমেয়েরও এই সমস্যা। একই কথা জানালেন ওই গ্রামের কৃষক শহিদুল ইসলামও (২৫)।
মহানন্দাখালী গ্রামের স্লুইসগেটের কাছে গিয়ে দেখা যায়, গেটের বিপরীত পাশের নালা কালো পানিতে ভরা। গ্রামের সুমিতা রানি (৬০) বলেন, গেট যেদিন খুলে দেয়, গন্ধে মানুষ চলাচল করতে পারে না। নদের পানি নীল হয়ে যায়। অনেক মাছ মরে ভেসে ওঠে। এই পানিতে গোসল করলে গা চুলকে ছিঁড়ে যায়।
১৪ জানুয়ারি পবার মধুসূদনপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে নূর আলমের কম্পিউটারে এই চর্মরোগের ভয়াবহ চিত্র দেখা যায়। তিনি এ ধরনের রোগী এলে তাঁদের ছবি তুলে ল্যাপটপে রেখে দেন। কমিউনিটি ক্লিনিক লাগোয়া মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ে গিয়ে তৎক্ষণাৎ ছয়জন শিক্ষার্থী পাওয়া গেল, যাদের হাতে-পায়ে ঘা। সবার বাড়ি মধুসূদনপুরে। তারা বারনই নদে গোসল করে। এরা হলো চতুর্থ শ্রেণির জুঁই আক্তার ও প্রিয়াঙ্কা খাতুন, তৃতীয় শ্রেণির তামিম ইসলাম, শাপলা খাতুন ও খাদিজা খাতুন এবং পঞ্চম শ্রেণির আমিনা খাতুন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুকুমার মণ্ডল বলেন, তাঁর বিদ্যালয় থেকে এবার যে ব্যাচ পাস করে গেছে, তাদের মধ্যেও এ রকম পাঁচ-ছয়জন ছিল। ওরাও নদীতে গোসল করত।

পবা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা বলেন, তিনি পবায় কর্মরত থাকা অবস্থায় একবার স্থানীয় সাংসদ বারনই নদে মাছ ছেড়েছিলেন। কিছুক্ষণ পর সব মাছ মরে ভেসে ওঠে।

যোগাযোগ করা হলে পবা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জালাল উদ্দিন বলেন, দুই খাল দিয়ে সিটি করপোরেশনের বর্জ্য বারনই নদে নামে। এই বর্জ্যের কারণেই নদের তীরের গ্রামের মানুষের স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। চর্মরোগ হচ্ছে। মাছও মারা যাচ্ছে। বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, মাস দু-এক আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) একটি প্রস্তাব দিয়েছে যে তারা এই বর্জ্যমিশ্রিত পানি শোধন করে কৃষিতে ব্যবহার করতে চায়। বিষয়টির সম্ভাবনা যাচাইয়ের জন্য তাদের অনুমতি দেওয়া হয়েছে। এটা যদি হয়, তাহলে বর্জ্য আর নদে যাবে না।