পানিতে পা ভাসিয়ে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার পানিতে পা ভাসিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিচ্ছে কক্সবাজার সদর, রামু ও চকরিয়া উপজেলার অন্তত ১০ হাজার শিক্ষার্থী। বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে থাকায় বহু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারছে না।গত তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে জেলার আটটি উপজেলার অন্তত তিন লাখ মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার ঝিলংজা এলাকার ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, কোমরসমান বন্যার পানিতে বিদ্যালয়টি ডুবে রয়েছে।বিদ্যালয়ের ভেতরে (শ্রেণীকক্ষে) গিয়ে দেখা গেল, শত শত ছাত্রছাত্রী বন্যার পানিতে পা ভাসিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিচ্ছে। দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী নাজিয়া ফারজানা সাংবাদিক পরিচয় পেয়ে উল্টো জানতে চায়, ‘এভাবে কেউ পরীক্ষা দেয়? সকাল ১০টা থেকে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিচ্ছি। ১০ মিনিট পর প্রশ্নপত্রটি উড়ে পানিতে পড়ে ছিঁড়ে গেছে। এখন অন্যের প্রশ্ন দেখে পরীক্ষা দিচ্ছি। এই পরিবেশে লেখার মতো কিছুই মনে পড়ছে না।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন চৌধুরী বলেন, গতকাল (বৃহস্পতিবার) ৬৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও বন্যার কারণে ২৮ জন অনুপস্থিত রয়েছে। পুরো জেলায় ১৪ জুলাই থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা শেষ হবে ২৬ জুলাই। কিন্তু ১৭ জুলাই থেকে বন্যা শুরু হওয়ায় বহু স্কুলের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যার পানি বাড়লে আমাদেরও পরীক্ষা স্থগিত করতে হবে। প্রধান শিক্ষক বলেন, বন্যার পানিতে ভিজে গতকাল রাতে এই বিদ্যালয়ের দুটি কম্পিউটার ও লাইব্রেরির প্রায় দেড় হাজার বই নষ্ট হয়ে গেছে।রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান বলেন, বন্যার পানিতে উপজেলার ১১টি ইউনিয়নের লক্ষ্যাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, মাতামুহুরী নদীর পানি উপচে সৃষ্ট বন্যায় ১১টি ইউনিয়নের শতাধিক গ্রামের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।