পানিতে বন্দী ৫০ হাজার মানুষ
জোয়ারের পানিতে ডুবতে শুরু করেছে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার তিনটি ইউনিয়ন। বাঁধের বাইরে থাকায় শুষ্ক মৌসুমেই তাঁরা পানিবন্দী হয়ে পড়েছেন। গত মঙ্গলবার জোয়ারের পানি বেড়ে তা বিপদ সীমা অতিক্রম করেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ জুলাই পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে ভোলার সাত উপজেলার প্রায় ৬০ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্ষতিগ্রস্ত বাঁধের আরও ভেতরে নতুন বাঁধ নির্মাণ ও অধিকাংশ এলাকা সংস্কার হলেও প্রায় ৫০ হাজারের বেশি মানুষ বাঁধের বাইরে রয়ে যান। গত কয়েক দিন আমাবস্যার প্রভাবে জোয়ারের উচ্চতা বেড়ে মঙ্গলবার তা বিপদ সীমা অতিক্রম করেছে। এদিন পানি ১ দশমিক ৯৮ মিটার থেকে বেড়ে ৩ দশমিক ৮ মিটার ওপরে উঠেছে। যেখানে ২ দশমিক ৯০ হলেই বিপদ সীমা অতিক্রম করে।
গত সোমবার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা, দৌলতখান উপজেলার ভবানীপুর ও সৈয়দপুর ঘুরে দেখা যায়, পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কৃষি জমিগুলো পানিতে তলিয়ে গেছে। সৈয়দপুর গিয়ে দেখা যায়, অনেকেই পাউবোর ভাঙা বাঁধ সংস্কার না হতেই সেখানে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। এতে বাঁধ দুর্বল হয়ে পড়ছে।
পানিবন্দী কয়েকজন জানান, গত বছর বাঁধ ভেঙে পানির ঢোকার সঙ্গে সঙ্গে তাঁদের বসতভিটা ভেঙে গেছে। ঘরের আসবাব নিরাপদ স্থানে আনতে পারেননি।
সৈয়দপুর ইউনিয়নের গুপ্তগঞ্জ বাজার এলাকার মো. দুলাল বলেন, ‘হুকনাসুম ঘরোত রাইত কাডাইছি, আবার শুরু অইলো কান্দন। নিজ গর থুই পরের ঘরোত থাইয়ুম, রানতারলে খাইম, না রানতারলে না খাই দিন কাডাইন্যা দিন আই গেছে।’
জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ওই সব মানুষকে নিরাপদে আনার চেষ্টা অব্যাহত আছে।