
কার্যাদেশের চার মাসেও যশোর শহরের একমাত্র উন্মুক্ত জলাধার লালদীঘির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এদিকে স্থানীয় বাসিন্দাদের ঘর-গৃহস্থালির আবর্জনা ফেলতে পৌর কর্তৃপক্ষ দীঘির এক পাড়ে আস্তাকুঁড় (ডাস্টবিন) নির্মাণ করে দিয়েছে। ওই আস্তাকুঁড়ের ময়লা পুকুরের পানিতে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে আশপাশের লোকজন ভোগান্তির শিকার হচ্ছে।
যশোর পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার তত্ত্বাবধানে নগরাঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় লালদীঘি দৃষ্টিনন্দন ও সংস্কার, পৌর পার্ক সংস্কার ও তিনটি সড়কের নর্দমা নির্মাণে ৭ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে লালদীঘি সংস্কার ও দৃষ্টিনন্দন করতে ৫৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। গত ৩ জুলাই কেইএমএসসি-জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। কার্যাদেশের চার মাসেও দীঘিটি সংস্কারের কাজ শুরু হয়নি।
সম্প্রতি দীঘির পাড়ে গিয়ে দেখা যায়, পুকুরের দক্ষিণ পাশে নির্মিত পৌরসভার আস্তাকুঁড় থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। কয়েকটি কুকুর মুখে করে ময়লা নিয়ে যাচ্ছে। পানিতে ময়লা-আবর্জনা ভাসছে। পানি কালচে রং ধারণ করেছে। ময়লার পাশে হরিজন ডোমপাড়ার বাসন্তী বিশ্বাস নামের এক নারী সাত বছরের এক শিশুকে গোসল করাচ্ছেন।
এ সময় বাসন্তী বিশ্বাস বলেন, ‘এই পুকুরে নামলে গা-হাত চুলকায়। দেখছেন না কী নোংরা ভাসছে। আমরা কতবার পৌরসভাকে বলেছি পুকুরটা ঠিক করে দেন, কিন্তু করছেই না। এই পুকুরে আমরা প্রতিবছর কার্তিক মাসে সূর্যপূজা করি। পূজার সময় পুকুরের জলে নামতে হয়। পূজার নিয়ম অনুযায়ী মুখে ও মাথায় জল দিতে হয়।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি ইকবাল কবির বলেন, পৌরসভার দায়িত্ব ছিল দীঘি সংরক্ষণ করার, কিন্তু তা না করে তারা দীঘির পাড়ে ময়লা ফেলার জায়গা করে দিয়েছে। এতে পুকুরপাড়ের আশপাশের বাসিন্দারা আবর্জনার দুর্গন্ধে ভোগান্তির শিকার হচ্ছেন।
পৌরসভার মেয়র মারুফুল হক বলেন, বৃষ্টির কারণে ঠিকাদার কাজ শুরু করতে পারেননি। দীঘির পানি সেচে খনন করতে হবে। দীঘির তিন পাশের পাড়ে পায়ে হাঁটা ছয় ফুট প্রস্থের পথ নির্মিত হবে। দক্ষিণ পাশে দীঘির ওপরে একটি কংক্রিটের ছাউনি নির্মাণ করা হবে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের দিকে কাজ শুরু হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান কেইএমএসসি-জেভির অংশীদার জিয়াউল হাসান বলেন, আগামী বছরের জুন পর্যন্ত কাজের মেয়াদ রয়েছে। মেয়াদের আগেই কাজ শেষ করা হবে। প্রসঙ্গত, লালদীঘি শহরের ভেতরে একমাত্র উন্মুক্ত জলাধার। দীর্ঘদিন ধরে এর চারপাশ অবৈধ দখলে ছিল। যশোরবাসীর আন্দোলনের কারণে বছর তিনেক আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দখলদার উচ্ছেদ করা হয়। দীঘির পাড় খালি পড়ে থাকায় এখন বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি ও নির্মাণসামগ্রী রাখার কাজে ব্যবহৃত হচ্ছে।