পানিতে ভাসছে কেশবপুর

যশোরের কেশবপুরে জলাবদ্ধতা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পৌরসভা এবং কেশবপুর ইউনিয়নের পর আরও ছয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। যশোর-সাতক্ষীরা সড়কে আশ্রিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে।
গত বুধবার পর্যন্ত আগের ছয় দিনের টানা বর্ষণে কেশবপুর পৌরসভা ও কেশবপুর ইউনিয়ন প্লাবিত হয়। পরে উপজেলার পাঁজিয়া, মঙ্গলকোট, মজিদপুর, সাতবাড়িয়া, সুফলাকাঠি ও হাসানপুর ইউনিয়ন প্লাবিত হয়। কেশবপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া হরিহর নদে পলি ভরাট হয়ে নাব্যতা হারানোর কারণে বৃষ্টির পানি নদ দিয়ে বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে কেশবপুর পৌরসভা এবং কেশবপুর ইউনিয়নের অবস্থা সবচেয়ে খারাপ।
কেশবপুর পৌর এলাকার বেশির ভাগ অংশই জলাবদ্ধ পানিতে ভাসছে। বিদ্যুৎ সরবরাহ স্টেশন, ওয়াপদা, কেশবপুর কলেজ, ভূমি অফিস, কাঁচাবাজার, ধানহাটা ও বাস-ট্রাক টার্মিনাল এখন পানির নিচে। যশোর-সাতক্ষীরা সড়কের পাঁচটি স্থানে পানি উঠে গেছে। ঝুঁকি নিয়ে জলমগ্ন সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। কেশবপুর পৌর এলাকার হাবাসপোল এবং মধ্যকুল গ্রাম দুটি এখন পুরোটাই পানির নিচে। পৌর এলাকার নয়টি ওয়ার্ডই পানিতে ভাসছে।
কেশবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুরে পৌরসভা এবং সাতটি ইউনিয়নে ৪৯ হাজার ২৩৪ জন পানিবন্দী হয়ে পড়েছে। ১০টি আশ্রয়কেন্দ্র এবং রাস্তার ধারে ১ হাজার ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রিত মানুষের মাঝে ১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
কেশবপুর পৌর এলাকা এবং কেশবপুর ইউনিয়নে চাল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। যশোর-সাতক্ষীরা সড়কের ধারে টংঘর বেঁধে আশ্রয় নেওয়া মধ্যকুল এলাকার সালমা বেগম (৬৫) বলেন, ‘নাস্তার ধারে আসে না খেয়ে মরে গেলাম। ঘরে খাবার নেই, আমরা এহন কী এ্যারবো।’ টংঘরে আশ্রয় নেওয়া গোলাম মোস্তফা বলেন, ‘আমরা কাজ করে খাই। সব জায়গা ডুবে যাওয়ায় কোনো কাজ নেই। এখন খুব কষ্টেই আছি।’ জাহাবক্স সরদার (৭০) বলেন, ‘দুটি ঘর পানিতে ধসে পড়েছে। গৃহহারা হয়ে রাস্তার ধারে আশ্রয় নিয়েছি। এলাকার লোকেরা বলেন প্রতিদিন পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে মনে হচ্ছে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হবে।’ কেশবপুর সাহাপাড়ার বাসিন্দা নির্মল অধিকারী বলেন, ‘প্রতিবছর এভাবে বাড়িঘরে পানি উঠে যাচ্ছে, আমি ভাবছি এলাকা ছেড়ে চলে যাব।’ এখানকার বাসিন্দারা জানান, দু-তিন মাসের জন্য বাড়ি ছেড়ে দিয়ে বিপদে আছেন, শহরের কোথাও ভাড়া বাড়ি পাওয়া যাচ্ছে না।
গত বছরের আগস্ট মাসেও এ রকম জলাবদ্ধতায় কেশবপুর প্লাবিত হয়েছিল। এবারও একই রূপ নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কেশবপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, হরিহর নদে একটি ভাসমান খননযন্ত্র কাজ করছে; আরও একটি রোববার নামবে। তিনি বলেন, ‘যেহেতু দু-তিন দিন বৃষ্টি হয়নি, তাই আগামী দু-তিন দিনের মধ্যে পানি কমবে বলে আমি আশাবাদী।’
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাইফুর রহমান বলেন, ‘আরও দুই মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। রাস্তার ধারে আশ্রয় নেওয়া লোকদের এই চাল দেওয়া হবে। কিছু বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাও ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করবে বলে আশ্বাস পেয়েছি।’