পানিতে ভাসছে সীমান্ত গ্রাম কাতলামারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সীমান্ত এলাকার কাতলামারী ছোট সীমান্ত চর গ্রামটি নয় দিন ধরে পানিতে ভাসছে। ভারতের ঝগড়ারচর আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫২-এর পাশেই এই গ্রামটি। ভারত থেকে ব্রহ্মপুত্রের পানি এ গ্রামের পাশ দিয়ে বাংলাদেশে ঢুকছে। গত শনিবার সকালে কুড়িগ্রাম থেকে ২০ কিলোমিটার দূরে নৌপথে কাতলামারী ছোট সীমান্ত চর গ্রামে গিয়ে দেখা যায়, বিভিন্ন বাড়ির খড়ের গাদার ওপরের অংশটুকু ভাসছে। কাতলামারী গ্রামের দক্ষিণে সাহেবের আলগা বিজিবির সীমান্ত ফাঁড়ি। পূর্বে বিএসএফের শিশুমারা সীমান্ত ফাঁড়ি। উত্তরে ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার সিংমারী থানার ঝগড়ারচর গ্রাম।কাতলামারী ছোট সীমান্ত চর গ্রামে মাত্র ৩৫টি পরিবারের বাস। বন্যার কারণে অধিকাংশ পরিবার নিরাপদ আশ্রয়ে চলে গেলেও কয়েকটি পরিবার রয়ে গেছে। এসব পরিবারের লোকজন ডিঙ্গি নৌকায় ও কলাগাছের ভেলায় থাকে। গ্রামের জাহেদ মোল্লা বলেন, ‘সবাই চইলা গেইলে বাড়িঘর পাহারা দিব কারা। কোনো জিনিস কেউ নিয়া যাইতে পারে নাই। এগুলা যেন ভাইসা না যায় খেয়াল রাখি।’ হাশেম ভূঁইয়া (৫৬) বলেন, ‘আমরা সবাই নদীভাঙা মানুষ। নিজের কোনো জমিজমা নাই। মাছ মাইরা জীবন চলে। তাই নদীর কাছে থাকি।’ মনোয়ারা বেগম বলেন, ‘আট দিন আগে হঠাৎ ভারত থাইকা পানি আসা শুরু হইল। সব ভাসায় নিয়া গেল।’ কুড়িগ্রামের মোগলবাসা ঘাট থেকে কাতলামারী যেতে চোখে পড়ল উলিপুর উপজেলার মশালের চর, গুজিমারী, সাহেবের আলগা, জাহাজের আলগারচর পানিতে ভাসছে। এসব চরের ঘরগুলোয় চালসমান পানি।