পানিতে ভাসছে ৫০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ভোলার পাঁচটি ইউনিয়নের অসংখ্য বাড়িঘর প্লাবিত হয়েছে। রোদ, বৃষ্টি আর জোয়ারের পানিতে মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে (ইনসেটে)। গত বুধবার ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর থেকে তোলা ছবি l প্রথম আলো
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ভোলার পাঁচটি ইউনিয়নের অসংখ্য বাড়িঘর প্লাবিত হয়েছে। রোদ, বৃষ্টি আর জোয়ারের পানিতে মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে (ইনসেটে)। গত বুধবার ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর থেকে তোলা ছবি l প্রথম আলো

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে ভোলার পাঁচটি ইউনিয়ন প্লাবিত হচ্ছে। এতে ঘরহীন প্রায় ৫০ হাজার মানুষ পানিতে ভাসছে। পর্যাপ্ত ত্রাণের অভাবে তারা মানবেতর জীবন কাটাচ্ছে।
ভোলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্র জানায়, দিনে দুবার ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর রাজাপুর, সুলতানী ও দক্ষিণ রাজাপুরের ২০ হাজার মানুষ, পূর্ব-ইলিশা ইউনিয়নের কালুপুরা, মুরাদসফুল্লা ও ইলিশার ১৫ হাজার মানুষ এবং তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ১৫ হাজার মানুষ জোয়ারের পানিতে ভাসছে। অমাবস্যার প্রভাবে এসব স্থানে জোয়ারের পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
গত সোমবার তজুমদ্দিনের চৌমুহনী এলাকায় গেলে কয়েক শ ভুখা নারী-শিশু ত্রাণের জন্য নাম লেখানোর আশায় ঘিরে ধরে।
ওই এলাকার রাবেয়া, কুলসুম, বিবি রওশনারা, জবেদা বেগম, বিবি আছিয়া, বিবি ছায়েরা, সমিরন নেছাসহ শতাধিক নারী বলেন, তাঁরা গত ২১ মে থেকে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। ভিটের ওপর ছেঁড়া তাঁবু ফেলে বাস করছেন। রোদ-বৃষ্টিতে ভিজছেন আর জোয়ারের পানিতে ভাসছেন। ঘর তুলতে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা প্রয়োজন। ১০ কেজি চাল ছাড়া তাঁদের কেউ কিছু দেয়নি।
মফিজুল ইসলাম, আবু তাহের, রইজল, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন বলেন, একবার ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদের স্ত্রী ফারজানা চৌধুরী এসে দুই হাজার টাকা করে দিয়েছেন। কিন্তু এ টাকায় কী হয়?
মঙ্গল ও বুধবার সরেজমিনে দেখা যায়, ঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত চৌমুহনী লঞ্চঘাট, শশীগঞ্জ, মহাজনকান্দি, দড়িচাঁদপুর ও হাজিকান্দি এলাকায় মানুষ রাস্তায়, স্কুলের বারান্দায় ও বিলে তাঁবু টেনে, টিনের ছাপড়া তুলে আশ্রয় নিয়েছে। রাজাপুর ও ইলিশায় পাউবো ধীরগতিতে বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলছে।
তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান পোদ্দার বলেন, তাঁর ১ নম্বর ওয়ার্ডে ১ হাজার ১০০ পরিবারের ৮ হাজার মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। এ পর্যন্ত ২৫৫টি পরিবার সাহায্য পেয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান বলেন, ঝড়-জলোচ্ছ্বাসে ৫টি ইউনিয়নের ৩ হাজার পরিবারের ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য ২০ টন চাল, ৮০ বান্ডিল টিন ও প্রায় ৭ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। তবে কমপক্ষে ছয় হাজার বান্ডিল টিন, টাকা ও আরও চাল দরকার।
রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. কামাল বলেন, বাঁধ সংস্কারে পাউবো ঢিমেতালে কাজ করছে। মানুষ দিনে দুই বেলা পানিতে ভাসছে।
রাজাপুর ইউপির চেয়ারম্যান রেজাউল করীম চৌধুরী বলেন, জোয়ারের পানিতে ডুবে থাকা মানুষকে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। জোয়ার এলেই তাঁরা নৌকায়, বাঁধে, উঁচু স্থানে ও আশ্রয়কেন্দ্রে দৌড়ে যাচ্ছেন।
পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহমেদ বলেন, দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও বাঁধ সংস্কার করা দরকার।
ভোলা পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. ইউনুস বলেন, ঘূর্ণিঝড়ে প্রায় চার কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ কিলোমিটার। বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, ৫০-৫৫ হাজার মানুষ রোয়ানুতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ১৪ লাখ টাকা ও ৩০০ বান্ডিল টিন পেয়েছেন। এগুলো বিতরণ শেষ হয়েছে। আরও বরাদ্দ আসছে। তা দ্রুত দেওয়া হবে।