পানিতে ভাসল উৎসবের ফুল

পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বর্ষবরণ ও বিদায়ের আনুষ্ঠানিকতা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। পাহাড়ি জনপদে উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজন।
রাঙামাটি
শহরের রাজবন বিহার ঘাটে (কাপ্তাই হ্রদে) ফুল ভাসানো উৎসবের উদ্বোধন করেন চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়। এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এমএন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিতা চাকমা প্রমুখ। অনুষ্ঠানে রাজা দেবাশীষ রায় বলেন, দুঃখ, গ্লানি ও ব্যর্থতাকে মুছে ফেলে নতুন বছরে সবার জীবনে সুখসমৃদ্ধ মঙ্গল আসুক।

সকাল নয়টায় রাঙামাটি শহরের গর্জনতলী এলাকার কাপ্তাই লেকের পানিতে ফুল ভাসানো উৎসবের আয়োজন করা হয়। ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফুল ভাসানো উৎসবে নৌকাবাইচ, বৃদ্ধদের গোসল করানোসহ ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরাইয়া নৃত্যের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান বুষকেতু চাকমা, জেলা পরিষদের সদস্য অমিত চাকমা, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, মারমা সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক মংউচিং মারমা প্রমুখ।
বাঘাইছড়ি উপজেলায় সকাল সাড়ে ছয়টায় শোভাযাত্রাসহ ফুল ভাসানো উৎসব আয়োজন করা হয়। উপজেলার খেদারমারা ইউনিয়নে স্থানীয় উন্নয়ন সংস্থা যধাবল, বাবুপাড়া স্পোর্টিং ক্লাব, বড় আদাম ক্লাব ও সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে ফুল ভাসানো উৎসবের আয়োজন করা হয়। দুরছড়ি ঘাটে কাচালং নদে ফুল ভাসানো উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, বাঘাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল বিহারী চাকমা, খেদারমারা ইউপির চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, সারোয়াতলী ইউপির চেয়ারম্যান তুষার কান্তি চাকমা প্রমুখ।
খাগড়াছড়ি
গতকাল ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী পাহাড়ি নর-নারী চেঙ্গী নদী ছাড়াও খাগড়াছড়ির বিভিন্ন খাল ও ঝরনায় ফুল ভাসায়।
উৎসবের প্রথম দিনে চাকমা, মারমা ও ত্রিপুরারা বিজু ফুল বা ভাতজড়া ফুল (সাদা রঙ্গন) দিয়ে ঘর সাজিয়েছে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বাড়িঘর ও আঙিনায় সোনা-রুপার পানি দিয়ে বাড়ির আসবাবপত্র পরিষ্কার করেছেন। সন্ধ্যায় বাড়ির আঙিনায়, গোয়ালঘরে এবং নদীর ঘাটে সারি সারি মোমবাতি জ্বালানোর মধ্য দিয়ে বৈসাবির প্রথম দিনের কাজ সম্পন্ন করা হয়।
সম্মিলিত বৈসাবি উদ্যাপন কমিটি গতকাল সকালে খাগড়াছড়ি শহরে সম্প্রীতির শোভাযাত্রা বের করে। জেলা সদরের মধুপুর বাজার থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা ও উপজেলা ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা।
অন্যদিকে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন পুরোনো বছরের দুঃখ, গ্লানি মুছে ফেলতে ও নববর্ষকে স্বাগত জানাতে সকাল থেকে জড়ো হয় মাথাই কুড়ি বা দেবতা পুকুরে। দেবতা পুকুরটি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে অবস্থিত। ত্রিপুরাদের বিশ্বাস, এটি দেবতার খনন করা পুকুর। তাই প্রতিবছর বৈসুক কিংবা যেকোনো ধর্মীয় বিশেষ দিনে তারা সেখানে গিয়ে স্নান করে।
বান্দরবান

বান্দরবানে আজ বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ‘সাংগ্রাইং’ উৎসব শুরু হচ্ছে। সকাল আটটায় মারমা, ত্রিপুরা, ম্রো, খিয়াং, খুমি, চাকমাসহ ১১টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে সাংগ্রাইং শোভাযাত্রা শহরের রাজার মাঠ থেকে বের হবে। শোভাযাত্রার পাশাপাশি ম্যারাথন দৌড়, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন রয়েছে।
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা ঘিলাখেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা বলেন, চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের লোকজনের বিজু বা বিষু উৎসব গতকাল থেকে শুরু হয়েছে।
ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মং নু চিং মারমা বলেন, চিম্বুক পাহাড়ে ম্রো জনগোষ্ঠীর চাংক্রান উৎসব উপলক্ষে বৃহস্পতিবার হস্তশিল্প প্রদর্শনী, খেলাধুলা, লোকনৃত্য ও পিঠা তৈরি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চিম্বুক পাহাড়ের ভাইট্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাংক্রান উৎসবে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি, বান্দরবান প্রতিনিধি ও খাগড়াছড়ি প্রতিনিধি)