পানিতে ভাসানো হলো দেশে নির্মিত সবচেয়ে বড় জাহাজ
বাংলাদেশে নির্মিত সবচেয়ে বড় জাহাজ পরীক্ষামূলকভাবে সাগরে ভাসানো হয়েছে। এই জাহাজটি ভারতীয় শিল্পগোষ্ঠী জিনদাল গ্রুপের কাছে রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ওয়েস্টার্ন মেরিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা এলাকায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সামনে কর্ণফুলী নদীতে জাহাজটি পরীক্ষামূলকভাবে ভাসানো হয়। ‘জেএসডব্লিউ প্রতাপগাঘ’ নামের জাহাজটি রপ্তানি উপযোগী করতে আরও কয়েক মাস সময় লাগবে।
এই জাহাজটির পণ্য ধারণক্ষমতা ৮ হাজার টন। এর আগে সর্বোচ্চ ৬ হাজার ১০০ টন ধারণক্ষমতার উপযোগী জাহাজ নির্মিত হয়েছিল দেশে। আনন্দ শিপইয়ার্ড ওই জাহাজটি নির্মাণ করেছিল। নবনির্মিত জাহাজটি লম্বায় ১২২ দশমিক ২৫ মিটার। এটির রপ্তানিমূল্য হবে প্রায় ৫৬ কোটি টাকা।
২০১৫ সালে জিনদাল গ্রুপের সঙ্গে ১০টি জাহাজ নির্মাণের চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন। ওই চুক্তির আওতায় এটি প্রথম জাহাজ।