পানিতে ভেসে গেছে ঈদের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িঘর, রাস্তাঘাট সব জায়গায় পানি। অনেকে চলে গেছেন আশ্রয়কেন্দ্রে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় এখন এ অবস্থা। কাল বা পরশু ঈদ। কিন্তু বন্যাদুর্গত মানুষের মধ্যে এ উৎসবের কোনো উচ্ছ্বাস নেই।

জুড়ী ও কুলাউড়ার মতো শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোয় এবার ঈদের আনন্দ নেই। ঈদের জন্য নতুন কাপড় কেনা দূরের কথা, তিন বেলা খাবার জোগাড় করতেই তাদের ভীষণ বেগ পেতে হচ্ছে।

জুড়ী ও কুলাউড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত টানা বৃষ্টিতে কুলাউড়ার ভূকশিমইল, কাদিপুর, ব্রাহ্মণবাজার, জয়চণ্ডী ও বরমচাল ইউনিয়ন এবং জুড়ীর জায়ফরনগর, পশ্চিম জুড়ী ও সাগরনাল ইউনিয়নের ৫০টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়ে ৭০ হাজার মানুষ। এর আগে ৩ জুন কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম এবং ৪ জুন টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া গ্রামে মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রামে বন্যা দেখা দেয়। এর আগে মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নামা ঢলে দুই উপজেলায় হাকালুকি হাওরের সব কাঁচা ও আধা পাকা বোরো ধান পানিতে ডুবে পচে যায়।

গত বুধ ও শুক্রবার সরেজমিনে দুই উপজেলার সাতটি গ্রাম ঘুরে দেখা যায়, বেশির ভাগ বাড়িঘরে পানি। নৌকায় করে লোকজন এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করছে।

জুড়ীর সোনাপুর গ্রামের ফরিজ আলী বলেন, ‘কাম করি (দিনমজুর) খাই। আওরোর ধান নষ্ট অওয়ায় কামও নাই। মাঝে মাঝে বাজারো (উপজেলা সদর) কাম করি যা পাই, তা দিয়া চাইল-ডাইল কিনি আনি। কয় দিন পর ঈদ। ছেলেমেয়েরা নতুন জামাকাপড় চাইব। কিনার তো সাধ্য নাই।’

জুড়ীর ইউএনও মিন্টু চৌধুরী বলেন, ‘বোরো ফসল হারানোয় হাকালুকি হাওর এলাকার মানুষের মুখে হাসি নেই। জেলা প্রশাসন থেকে যখনই ত্রাণ মিলছে দ্রুত তা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন থেকে আরও ৫০ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা পাওয়া গেছে।’

কুলাউড়ার কাদিপুর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, তাঁর এলাকার ছকাপন ও উচাইল প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে ৩০-৩৫টি পরিবার আশ্রয় নিয়েছে।

কুলাউড়ার ইউএনও চৌধুরী গোলাম রাব্বী বলেন, জেলা প্রশাসন থেকে ৪৫ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ ৫ হাজার টাকা পাওয়া গেছে। এ ছাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ভূকশিমইল, কাদিপুর, জয়চণ্ডী, বরমচাল ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী জানান, এ বছর উপজেলায় ১৪ হাজার ২৯৭ হেক্টর জমিতে বোরো ধান ও ৫০০ হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছিল। কিন্তু গত মার্চ ও এপ্রিল মাসে অতিবৃষ্টি, শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার সদর, মালিঝিকান্দা, ধানশাইল, গৌরীপুর ও হাতিবান্ধা ইউনিয়নের ২ হাজার ৫৬ হেক্টর জমির বোরো ধান ও ৫০ হেক্টর জমির সবজি নষ্ট হয়। বন্যায় ২৪ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকার বোরো ধান ও ১ কোটি ৫০ লাখ টাকার সবজির ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত অনেক কৃষক বলেন, বোরো ধান তাঁদের প্রধান ফসল। কিন্তু এবারের অকাল বন্যায় ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। বন্যার কারণে তাঁদের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে।

 উপজেলার রাঙ্গামাটিয়া খাটুয়া গ্রামের কৃষক মো. আশরাফ আলী বলেন, ‘এক একর জমিতে বোরো ধান আবাদ করছিলাম। কিন্তু ঢলের পানিতে সব ফসল নষ্ট হইয়া গেছে। হাতে টাকা-পয়সা নাই। সরকার থাইক্যাও (থেকে) কোনো সাহায্য পাই নাই। এখন সংসার চালাইতেই হিমশিম খাইতাছি। ঈদ করমু ক্যামনে? আমগর জীবনে ঈদের কোনো আনন্দ নাই। বন্যা আমগরে ঈদের আনন্দ ভাসাইয়া নিয়া গেছে।’

ঝিনাইগাতীর ইউএনও এ জেড এম শরীফ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে খয়রাতি ত্রাণ (জিআর) হিসেবে ৮০ হাজার টাকা ও ৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।