পানিতে সয়লাব খাতুনগঞ্জের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বৃহত্তর ভোগ্যপণ্যের বাজার চাক্তাই খাতুনগঞ্জের বিভিন্ন দোকানে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো পানি ঢুকেছে। এতে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ ছাড়া বৃষ্টির সঙ্গে জোয়ার ও কাপ্তাই হ্রদের পানি যোগ হয়ে নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে।

গত শনিবার থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯৬ দশমিক ৬ মিলিমিটার। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টি হচ্ছে বলে পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ হারুনুর রশিদ জানান। আরও বৃষ্টির আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে পাহাড়ধসের সতর্কবার্তাও জারি করা হয়েছে।

বৃষ্টির সঙ্গে অমাবস্যাজনিত জোয়ার ও কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় হ্রদের পানিও যুক্ত হয়েছে। ১৮ জুলাই থেকে প্রকল্পের ১৬টি ফটক দুই ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়। এই ১৬ ফটক দিয়ে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। ওই পানি জোয়ারের সঙ্গে যুক্ত হয়ে নগর ও জেলার বিভিন্ন স্থানে ঢুকে পড়ছে।

গতকাল রোববার রাত থেকে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকলেও চাক্তাই খাতুনগঞ্জ এলাকায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে পানি ঢোকে। ব্যবসায়ীরা বলেন, ভরা জোয়ারের সময় এই পানি ঢোকে। এই পানি আগের দিনের চেয়েও বেশি।

প্রসঙ্গত, আগের দিন দুপুর ১২টার দিকে এখানকার বিভিন্ন দোকানে পানি ঢুকেছিল।

জানতে চাইলে চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজমত বলেন, গতকালের চেয়ে পানি আজ আরও বেড়েছে। আজ অন্তত ৩০০ দোকান ও গুদামে পানি ঢুকেছে। চাল, পেঁয়াজ, রসুন, ডালসহ বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে গেছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টা ৩৮ মিনিটে প্রথম জোয়ার আসে। সমুদ্রে পূর্ণ জোয়ার হয় দুপুর ১২টার দিকে। এই জোয়ারের ফলে দুপুর সাড়ে ১২টার দিকে পানি ঢুকতে শুরু করে। দিনের দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৮টা ১৪ মিনিটে।

এদিকে জোয়ার ছাড়াও অতিবৃষ্টির কারণে নগরের বাকলিয়া, হালিশহর, বহদ্দারহাট, কাপাসগোলা, ষোলোশহর দুই নম্বর গেট, মুরাদপুর, চান্দগাঁও, আগ্রাবাদ এক্সেস সড়ক, সিডিএ আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। কোথাও হাঁটুসমান আবার কোথাও কোমরসমান পানি ওঠে। জোয়ার আসার পর পানির পরিমাণ আরও বেড়ে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে নগরের সিডিএ অ্যাভিনিউ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া নগরের এক্সেস সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সকাল থেকেই। মাঝেমধ্যে বৃষ্টির মাত্রা কমে এলে সিডিএ অ্যাভিনিউ সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য শুরু হয়, পরে বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে যায়।

ষোলোশহর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালক জাহিদুল ইসলাম বলেন, ‘সকাল থেকে যেদিকে যাই, সেদিকে পানি। দুই নম্বর গেটে আটকে গেছি প্রায় এক ঘণ্টা। পানির জন্য কোথাও যেতে পারছি না।’