পানিতে সয়লাব ঢাকা শহর

হালকা রঙের শার্টের সঙ্গে গাঢ় টাইয়ে ফিটফাট চেহারা। কিন্তু পরনের ফুলপ্যান্ট হাঁটু পর্যন্ত গোটানো। জুতা জোড়া প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে হাতে নেওয়া। রাজারবাগ এলাকার বাসিন্দা বেসরকারি চাকুরে শাফায়েত আলী গতকাল এ বেশেই আধঘণ্টা হাঁটুপানিতে দাঁড়িয়ে অবশেষে গুলশানে যাওয়ার একটি অটোরিকশা পেলেন। তাঁর কথায়, ‘এই কষ্ট থেকে মুক্তি নাই। একটু বৃষ্টিতেই এই এলাকা নদী হয়ে যায়। প্রতিবছর শুনি এই সমস্যার সমাধান হবে। বাস্তবে হয় না।’
মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক এলাকা। গলিপথ থেকে মূল সড়ক কোথাও কয়েক ইঞ্চি, কোথাও-বা এক-দেড় ফুট পানি। জলজট-যানজটে দিনভর দুর্ভোগে পড়ে রাজধানীবাসী।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার আগারগাঁও থেকে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পরিভাষায় মাঝারি বৃষ্টি। কিন্তু রাতের এটুকু বর্ষণের পর গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েই কাদা-পানিতে নাকাল অফিসগামী মানুষ। অফিসপাড়া মতিঝিল ছিল পানিতে থইথই। গতকাল সকালে গিয়ে দেখা যায়, দিলকুশা, আরামবাগ, ফকিরাপুল ও দৈনিক বাংলা মোড় এলাকা ফুট দেড়েক পানির নিচে। দ্রুতগতির যানবাহন ভিজিয়ে দিয়ে যাচ্ছিল ফুটপাতে দাঁড়ানো পথচারীদের। মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় দীর্ঘক্ষণ পানি জমে থাকে। এতে ভোগান্তিতে পড়েন অভিভাবক ও শিক্ষার্থীরা।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, চকবাজার বকশীবাজার এলাকার সড়কগুলো ছিল পানির নিচে। রাজারবাগ পুলিশ লাইনসের মূল সড়ক আর সার্কিট হাউস রোডেও ছিল পানি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খিলগাঁও, গোড়ান, সিপাহীবাগ, সবুজবাগ, রাজারবাগ এলাকার বিভিন্ন সড়কে পানি জমে থাকতে দেখা যায়। কোথাও কোথাও ছিল হাঁটুপানি। পানি মাড়িয়ে পথ চলতে গিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে শিক্ষার্থী লামিয়া জাহানকে নিয়মিত বাসাবো থেকে মৌচাক মোড়ে যেতে হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘একটু বৃষ্টিতেই মৌচাক-মালিবাগ এলাকায় নোংরা পানি জমে। পানির কারণে চার দিন আগে আমার পায়ে ঘা হয়েছে। ওষুধ খাচ্ছি, বিশ্রাম নিচ্ছি। ওই পথ দিয়ে এখন যেতেও তো ভয় লাগে।’
গতকালও মালিবাগ রেলগেট থেকে মৌচাক পর্যন্ত সড়কে বৃষ্টির পানি জমে ছিল। সম্প্রতি এই সড়কের পয়োনালা চওড়া করা হয়।
চওড়া নালাগুলোও পানির নিচে তলিয়ে যায়। খানাখন্দে ভরা সড়কটিতে পানিতে ডোবা চোরাগর্তে পড়ে গতকাল দুপুরে কয়েকটি রিকশা যাত্রীসহ উল্টে যায়। বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিনে পানি ঢুকে মূল সড়কেই থেমে থাকে। দুপুরের দিকে মৌচাক মার্কেট এলাকায় যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, সেই ব্যবস্থা রেখে দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হয়েছে। তবে টানা বৃষ্টি হলে অনেক সময় নালাগুলো উপচে পড়ছে। নালায় পলিথিনজাতীয় কিছু আটকে গিয়েও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, এ বছর বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য সময়ের চেয়ে বেশি। স্বাভাবিক ধারণক্ষমতার উপযোগী করে তৈরি ড্রেনেজ লাইন তাই অনেক সময় উপচে পড়ছে।
কারওয়ান বাজার থেকে বিজয় সরণি হয়ে এয়ারপোর্ট রোডে সকাল থেকেই ছিল যানবাহনের জট। হাতিরঝিল থেকে গুলশানমুখী সড়কে যানজটে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। কারওয়ান বাজার, বেগুনবাড়ী এলাকায়ও ছিল জলাবদ্ধতা। মিরপুর ১২ নম্বর, কাজীপাড়া, কালশী ও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা ছিল কাদায় সয়লাব।
ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানের মূল দায়িত্ব ঢাকা ওয়াসার। জানতে চাইলে ওয়াসার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রামপুরা-গোপীবাগসহ ঢাকার সব এলাকার পানিনিষ্কাশন পাম্পগুলো চালু রাখা হয়েছে। ওয়াসার পক্ষ থেকে প্রচুর লোকবল নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, ‘অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, বর্ষা ঋতুর স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। আজও বৃষ্টির সম্ভাবনা আছে।