পানিতেই কাটবে ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাচা থেকে নামলেই গলাসমান পানি। এই পানির মধ্যেই ভোলার ৩৮ ইউনিয়নের পাঁচ লাখ মানুষ ঈদ পালন করবে। সঙ্গে চলছে বৃষ্টি। তাদের সমস্যা শুধু পানি নয়, অভাবও।

নদীর তীরে বসবাস করা এসব মানুষের আয়ের প্রধান উৎস মাছ ধরা ও কৃষিকাজ। কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় এসব ইউনিয়ন প্লাবিত হয়েছে। খেতের ফসল নষ্ট ও নদীতে মাছ না পাওয়ায় এসব পানিবন্দী মানুষ আধপেটা খেয়ে বসবাস করছেন।

সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাচিয়া গ্রামের সিরাজুল ইসলাম (৩২) নদীতে মাছ নেই দেখে ১২ দিন বেকার সময় কাটাচ্ছেন। মাছ ধরার জন্য বের হলেই দুই হাজার টাকার ডিজেল নষ্ট হয়। গত শনিবার তিনি বলেন, ‘কুনদিন কী বার কইতাম পারি না, দিন ক্যামনে যায় জানি না। আমগো লাইগ্যা নোয়াজ-রোজা নাই, ঈদ কবে হেও কইতাম পারি না।’

সদর উপজেলার উত্তর-পূর্বে মেঘনার তীরে রাজাপুর, পূর্ব ইলিশা, কাচিয়া, বাপ্তা ও ধনিয়া ইউনিয়ন। এখানে আড়াই লাখ মানুষ ভাঙন, অস্বাভাবিক জোয়ারের সঙ্গে যুদ্ধ করে টিকে আছে। আর দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় একই অবস্থায় দিন কাটাচ্ছে আরও আড়াই লাখ মানুষ। তাদের অধিকাংশই নিঃস্ব, দিনমজুর ও জেলে।

বানভাসি মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ নয়, পানি কমলেই তাদের আনন্দ। তারা এখন পাকা সড়কের ওপর সাঁকো দিয়ে চলাচল করছে। উত্তর রাজাপুরের সেলিম মাল, কালিমুল্যাহ, মোসলেহউদ্দিন, মিজানুর রহমান, পূর্ব ইলিশা ইউনিয়নের নবকুমার গ্রামের শাজাহান মাল, সাহমাদার গ্রামের পান্নু, হিরণ মাঝি, বড় মানিকার উত্তর বাটামারা গ্রামের আবদুর রশিদ অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তাঁদেরকে এই ভোগান্তির মধ্যে ফেলেছে।

পাউবো ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ঈদের দিনও অস্বাভাবিক জোয়ারের চাপ থাকবে, জোয়ারের উচ্চতা বিপৎসীমা অতিক্রম করতে পারে। সে ক্ষেত্রে পানিবন্দী মানুষদের ঈদ কেমন হবে বুঝতেই পারছেন। তিনি দাবি করেন, শীত মৌসুমে বাঁধ না করতে পারায় দায়ভার একা পাউবোর নয়। মন্ত্রণালয় থেকে টাকা ছাড় না করায় দরপত্র আহ্বান করা সত্ত্বেও ঠিকাদারকে দিয়ে কাজ শেষ করানো যায়নি।