
পয়োবর্জ্য নিঃসরণ ও অপরিকল্পিত কার্যকলাপের ফলে গুলশান-বারিধারা লেকের পরিবেশ ও প্রতিবেশগত ব্যবস্থার মারাত্মক অবনতি হয়েছে। লেকে পয়োবর্জ্য নিঃসরণ বন্ধ ও পানির মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
গুলশান-বারিধারা লেকের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চলতি মাসের ৮ তারিখ পরিবেশ অধিদপ্তরের একটি দল লেক এলাকা পরিদর্শন করে। এ সময় লেকের দায়িত্বে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গুলশান লেক উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. মনোয়ারুল ইসলাম ও রাজউকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শক দল লেকের পানির গুণগতমান পরীক্ষা করে।
এরপর পরিবেশ অধিদপ্তর ১২ অক্টোবর অফিস আদেশের মাধ্যমে রাজউক ও ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষকে (ওয়াসা) জানায়, গুলশান-বারিধারা লেকের পাড়ে বিদ্যমান বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়িসহ অন্যান্য স্থাপনার পয়োবর্জ্য সরাসরি লেকে অপসারণের কারণে পরিবেশ ও প্রতিবেশগত ব্যবস্থার মারাত্মক অবনতি হয়েছে।
পরিবেশ অধিদপ্তর নিয়মিত গুলশান-বারিধারা লেকের পানির গুণগতমান পরীক্ষা করে। অধিদপ্তর বলছে, গত এক বছরে গুলশান-বারিধারা লেকের পানির দ্রবীভূত অক্সিজেন ও অন্যান্য প্যারামিটার নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যায়, যা কোনো অবস্থায় কাম্য না।
পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে গুলশান লেকের দ্রবীভূত অক্সিজেন নিয়মিতভাবে পরীক্ষা এবং দখল ও ভরাট পর্যবেক্ষণ করছে। লেকে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বিশ্লেষণ করে পবা দেখতে পায়, বিভিন্ন এলাকায় লেকের পানিতে দ্রবীভূত অক্সিজেন আছে শূন্য দশমিক ২ থেকে ৪ মিলিগ্রাম পর্যন্ত।
অথচ, ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রতি লিটার পানিতে ৫ মিলিগ্রাম মাত্রায় দ্রবীভূত অক্সিজেন থাকতে হবে। দ্রবীভূত অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় পর্যবেক্ষণের সময় প্রচুর পরিমাণ মরা মাছ ভাসতে দেখতে পায় পবা।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গুলশান-বারিধারা লেকের যেসব পয়েন্ট থেকে প্রতিদিন সরাসরি পয়োবর্জ্য মিশছে, তা হলো বারিধারা ডিওএইচএস, কালাচাঁদপুর, বনানী ১১৮ নম্বর রোড, ন্যাম ভিলার দক্ষিণে বনানী ২ নম্বর রোড, মহাখালী-গুলশান লিংক রোড, গুলশান-বাড্ডা লিংক রোড, বনানী ১১ নম্বর সেতুর নিচ ও কড়াইল বস্তি এলাকায় অনেক নালার মাধ্যমে মানুষের মলমূত্রসহ বিভিন্ন আবর্জনা মিশছে লেকের পানিতে।
রাজউকের নির্বাহী প্রকৌশলী মনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, লেকসংলগ্ন কড়াইল বস্তি থেকেই লেকটি বেশি দূষণ হচ্ছে। আর কড়াইল বস্তির জমি রাজউকের না। কড়াইল বস্তির জমি অধিগ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। গুলশান-বারিধারা লেক খনন করে গভীরতা বাড়ানোসহ উন্নয়নকাজ করার পরিকল্পনা আছে। এ বছরের ডিসেম্বর নাগাদ দৃশ্যমান উন্নয়ন হবে বলে তিনি আশ্বস্ত করেন।