পানিনিষ্কাশন পথে আবর্জনার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন এলাকার অধিকাংশ খাল-নালা নর্দমা ময়লা ও বর্জ্য জমে ভরাট হয়ে গেছে। এগুলো দিয়ে পানিনিষ্কাশনের পথ প্রায় নেই বললেই চলে। ফলে একটু বৃষ্টি হলেই নগরে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বর্ষা মৌসুম এলেই নগরবাসীর দুর্ভোগ যেমন বাড়ে, তেমনি সারাবছর পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। নগরবাসীর অভিযোগ, ভরাট হয়ে যাওয়া নালা-নর্দমাগুলো পরিষ্কারের কোনো কার্যকর পদক্ষেপ সিটি করপোরেশন নিচ্ছে না।সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সিটি করপোরেশন এলাকার আয়তন প্রায় ২৬ দশমিক ৫ বর্গকিলোমিটার। পানিনিষ্কাশনের জন্য খাল-নালা-নর্দমার আছে প্রায় ৯৭০ কিলোমিটার। নগরে প্রতিদিন ২০০ মেট্রিক টন বর্জ্য জমে। এর অনেকটাই নগরের বিভিন্ন এলাকার খাল-নালা-নর্দমায় মেশে। এ কারণে খাল-নালা-নর্দমাগুলো ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। নগরবাসীর অভিযোগ, ভরাট হয়ে যাওয়া নালা-নর্দমাগুলো পরিষ্কারের কোনো কার্যকর পদক্ষেপ সিটি করপোরেশন নিচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, নগরের কুয়ারপার, চৌহাট্টা, আম্বরখানা, বড়বাজার, জিন্দাবাজার, কাজলশাহ, শিবগঞ্জ, সেনপাড়া, লামাপাড়া, হাওয়াপাড়া, পাঠানটোলা, সুবিদবাজার, কাজিরবাজার, কাষ্ঠঘর, ছড়ারপাড়, উপশহর, সোবহানীঘাট, নাইওরপুর, যতরপুর, রায়নগরসহ অর্ধশতাধিক এলাকার বিভিন্ন নালা-নর্দমা ময়লা-আবর্জনায় একাকার। বর্জ্য গন্ধ ছড়াচ্ছে আর মশারা দলবেঁধে উড়ছে।এলাকাবাসী জানান, নালা-নর্দমায় পড়ে থাকা আবর্জনার মধ্যে হাসপাতাল-ক্লিনিকের পরিত্যক্ত বর্জ্য, বিভিন্ন পানীয়র বোতল, পলিথিন, গবাদিপশুর হাড়, বাসাবাড়ির ময়লা-আবর্জনাই বেশি। নিয়মিত পরিষ্কার না করায় এসব বর্জ্য নালায় কয়েকটি স্তর তৈরি করে পানিনিষ্কাশন পুরোপুরি বন্ধ করে ফেলেছে। ফলে সামান্য বৃষ্টি হলেই নর্দমার পানি রাস্তায় উঠে জলাবদ্ধতার সৃষ্টি করছে। একটু বেশি বৃষ্টি হলেই জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করে পানি বাসাবাড়ি পর্যন্ত গিয়ে উঠছে। এতে মানুষ পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।কাজলশাহ এলাকার বাসিন্দা নীরেশ চন্দ্র দাশ ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘বৃষ্টি হলেই নগরজুড়ে জলাবদ্ধতা—এটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এসব কি দায়িত্বশীল প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের চোখে পড়ে না? উনারা কি এই শহরের রাস্তাঘাট দিয়ে চলাফেরা করেন না?’নগরের লামাপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই ময়লা-আবর্জনাসমেত পানি ঘরে এসে ঢোকে। ফলে ওই সময়টায় পরিবারের সদস্যদের নিয়ে অস্বস্তিতে কাটাতে হয়।’বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক এ কে কীম বলেন, ‘জলাবদ্ধতায় রাস্তাসহ অনেকের বাড়িঘরে পর্যন্ত পানি উঠে যায়। নগরবাসী দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা নিয়মিত অপসারণের দাবি জানিয়ে আসছে। অথচ সিটি করপোরেশন কর্তৃপক্ষ উল্লেখ করার মতো কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।’শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল হক শাকিল জানান, প্রতিটি নালা-নর্দমায় ময়লার পাশাপাশি পলিথিন ও পরিত্যক্ত বোতল এত বেশি পড়ে থাকে যে সামান্য বৃষ্টি হলেই এগুলো রাস্তাঘাটে চলে আসে। এ অবস্থায় নাগরিকেরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নানা সীমাবদ্ধতার কারণে নিয়মিত হয়তো নালা-নর্দমাগুলো পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এরই মধ্যে সিটি করপোরেশন নগরের বেশ কিছু ছড়া-খাল অবৈধ দখলমুক্ত করেছে। নালার ময়লা-আবর্জনা অপসারণ করে গার্ডওয়াল তৈরি করা হচ্ছে। এতে এবারের বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কিছুটা কম হবে বলে আমাদের ধারণা।’