পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্বেগ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবদহ অঞ্চলে আসন্ন জলাবদ্ধতার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটি। গতকাল শুক্রবার এক বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয়। তা ছাড়া টিআরএম বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গতকাল বেলা ১১টায় উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউটে এই বৈঠক শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক রণজিৎ কুমার বাওয়ালি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিটির উপদেষ্টা ইকবাল কবির, প্রধান সমন্বয়কারী বৈকুণ্ঠ বিহারী রায়, সমন্বয়কারী চৈতন্য কুমার পাল প্রমুখ।

বৈঠকে বলা হয়, যে পদ্ধতিতে নদী খনন করা হচ্ছে, তা অস্বচ্ছ। এতে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। ফলে নদী পলিতে ভরাট হচ্ছে। আর এই নদী খনন দেখিয়ে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নে অযথা কালক্ষেপণ করা হচ্ছে। এই বছর টিআরএম বাস্তবায়ন করা না হলে আর সম্ভব হবে না। এ কারণে তাঁরা উদ্বিগ্ন।

কমিটির উপদেষ্টা ইকবাল কবির বলেন, বৈঠকে সংগ্রাম কমিটির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ জুলাই কমিটির নেতাদের ভবদহ স্লুইসগেট থেকে শুরু করে শিবসা নদী পর্যন্ত সব নদী পরিদর্শন। পরদিন যশোর-৫ আসনের (মনিরামপুর) সাংসদ স্বপন ভট্টাচার্যের সঙ্গে মতবিনিময়। দ্রুত টিআরএম বাস্তবায়নের দাবিতে ২৪ জুলাই জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান।