পানিনিষ্কাশনে স্থায়ী সমাধান চায় সাতক্ষীরাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রীর ঘোষণা দেওয়ার পরও সাতক্ষীরার জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বন্যাকবলিত এলাকার পানিনিষ্কাশনে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। দেড় মাস ধরে সাতক্ষীরার বন্যাকবলিত এলাকার কয়েক লাখ মানুষ সীমাহীন কষ্টের মধ্যে মানবেতর জীবন যাপন করছে।অবিলম্বে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পাউবোর নির্বাহী প্রকৌশলীদের অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ভূমি কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দুই লাখ মানুষ গৃহহীন হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এসব মানুষকে ত্রাণ দিয়ে হয়তো বাঁচিয়ে রাখা যাবে। কিন্তু পানিনিষ্কাশনের স্থায়ী সমাধানে স্থানীয় প্রশাসন মোটেও উদ্যোগী নয়। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক গত ১১ আগস্ট সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় এক সপ্তাহের মধ্যে পানিনিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়ে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একইভাবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক গত ২২ আগস্ট তালা উপজেলার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে এক সভায় বলেন, ‘তালার বন্যাকবলিত এলাকার মানুষের দুর্দশা দেখে আমি মর্মাহত ও ব্যথিত। বন্যার পানি আর দুর্গত মানুষের চোখের পানি একাকার হয়ে গেছে। এলাকার মানুষ সত্যিই কষ্টে আছে। ঢাকায় বসে যেমনটি শুনেছিলাম, এ এলাকার পরিস্থিতি তার চেয়ে ভয়াবহ। এ পরিস্থিতি উত্তরণের জন্য সব রকম পদক্ষেপ গ্রহণ করা হবে জরুরিভিত্তিতে।’সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সাতক্ষীরার প্রশাসন কোনো প্রকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। মানুষের দুর্ভোগ দিনকে দিন বাড়ছে। এ অবস্থায় বর্তমান প্রশাসন থাকলে মানুষের দুর্ভোগ বাড়ার পাশাপাশি সরকারের ভাবমূর্তি নষ্ট হবে।সংবাদ সম্মেলনে সাতক্ষীরার বন্যা উপদ্রুত অঞ্চলকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা, দুর্গত মানুষের ও আশ্রয়কেন্দ্রে আশ্রিত পরিবারগুলোকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী প্রদান এবং জরুরিভিত্তিতে পানিনিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানানো হয়। এ ছাড়া বিকল্প ব্যবস্থা না করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে বানভাসি মানুষদের নামিয়ে না দেওয়া, সাতক্ষীরা-খুলনা-যশোর জেলার প্রশাসনের মধ্যে সমন্বয় সৃষ্টি করা, স্থায়ী সমাধানের জন্য গৃহীত কপোতাক্ষ নদ প্রকল্প বাস্তবায়ন করা, অবিলম্বে শাখরা স্লুইসগেট নির্মাণ প্রকল্প বাতিল, সব নদী-খালের ইজারা বাতিল, অবৈধ দখলদারদের উচ্ছেদ ও অপরিকল্পিতভাবে চিংড়ির চাষ বন্ধ করাসহ ১১ দফা দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় ভূমি কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি আবদুর রহিম, সদস্য আবু আহমেদ, মহিবুল্যাহ মোড়ল, বানভাসি সংহতি মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদসহ কেন্দ্রীয় পানি কমিটির সাতক্ষীরার সাতটি উপজেলার নেতারা।