পানিনিষ্কাশনের একমাত্র খালটিও বেদখলে
নাটোর শহরের পানিনিষ্কাশনের একমাত্র ভরসা নয়নের জলা বেদখল হয়ে গেছে। এতে জলার দুই পাড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অবৈধভাবে নির্মিত বসতিগুলোতে ইভ টিজিং, মাদক ব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে। এত কিছুর পরও জলার দেখভালের দায়িত্বে থাকা নাটোর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।পাউবো কার্যালয় সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের কয়েকটি বিলের পানি ও নাটোর পৌরসভার চারটি ওয়ার্ডের (৫, ৬, ৭ ও ৮) পানিনিষ্কাশনের জন্য অনেক আগে নয়নের জলা নামের খালটি কাটা হয়। উত্তর-দক্ষিণ লম্বা এই খালটি শহরের দক্ষিণ বড়গাছা মহল্লায় এসে নারদ নদের সঙ্গে মিলেছে। জলার দুই তীর ঘেঁষে নবাব সিরাজউদ দৌলা সরকারি কলেজের প্রশাসনিক ভবন, ছাত্রীনিবাস ও শ্রেণীকক্ষ এবং শত শত মানুষের বসতি রয়েছে। এ ছাড়া খালের মোহনায় বড়গাছা অংশে খালের মাত্র ৫০ গজ দূরেই পাউবো কার্যালয়। কয়েক বছর ধরে এই খালের জমি ভরাট করে দখলদারেরা অবৈধ বসতি নির্মাণ করে চলেছে।৭ সেপ্টেম্বর নয়নের জলার বড়গাছা অংশ ঘুরে দেখা গেছে, খালের পূর্ব পাশের তীর দখল করে গড়ে তোলা হয়েছে গুচ্ছগ্রাম। কেউ কেউ খালের মাঝ থেকে পাকা দেয়াল তুলেছেন। আবার কেউ বাঁশের মাচান করে খালের মধ্যে বসতঘর নির্মাণ করেছেন। নবাব সিরাজউদ দৌলা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সীমানাপ্রাচীর ঘেঁষে সারিবদ্ধভাবে টিনের চালা ও বেড়া দিয়ে বসতঘর তৈরি করা হয়েছে। সরেজমিনে পরিদর্শনের সময় সাহেদা বেগম, তজিম উদ্দিন, সুজন ও খতে বেগম খাল দখলের কথা স্বীকার করে বলেন, জায়গা-জমি না থাকায় নিরুপায় হয়েই খালের ভেতর তাঁরা ঘর তুলেছেন। তাঁদের দেখাদেখি কিছু পয়সাওয়ালা লোকও পাকা ঘর তৈরি করতে শুরু করেছে।খালের পশ্চিম পাড়ের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, চার-পাঁচ বছর আগেও খালের পাড়ে বসতি ছিল না। হঠা ৎ করেই একটি-দুটি করে বসতি গড়ে উঠতে শুরু করেছে। বর্তমানে শতাধিক পরিবার এই খাল দখল করে রেখেছে। অপর বাসিন্দা মতিউর রহমান বলেন, দখলদারদের গৃহস্থালি ও মানববর্জ্যে খাল ক্রমে ভরাট হয়ে যাচ্ছে। বর্জ্যের দুর্গন্ধে ঘর থেকে বের হওয়াই মুশকিল। শিশুরা বাড়ির বাইরে খেলতে পারছে না। সম্প্রতি সত্যের সন্ধানে নামের একটি সংগঠনও বড়গাছা এলাকায় জলা দখল করে কার্যালয় নির্মাণের জন্য সাইনবোর্ড ঝুলিয়েছে। তবে এই সংগঠনের কাউকে আশপাশে পাওয়া যায়নি।নাটোর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, নয়নের জলার বস্তিতে অভিযান চালিয়ে একাধিকবার মাদক বিক্রেতাদের আটক করা হয়েছে। তাদের প্রতি পুলিশের নজরদারি রয়েছে। বস্তিসংলগ্ন নবাব সিরাজউদ দৌলা সরকারি কলেজের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, জলার বস্তিতে বখাটে ছেলেদের নিয়মিত আড্ডা বসে। কলেজে যাতায়াতের পথে এসব বখাটে মেয়েদের উত্ত্যক্ত করে। অনেক মেয়ে ভয়ে ওই এলাকায় যাতায়াত করতে চায় না।সম্প্রতি খালের উভয় পাশের লোকজন জেলা প্রশাসকের কাছে অবৈধ দখল উচ্ছেদের জন্য গণদরখাস্ত আহ্বান করে। জেলা প্রশাসন বিষয়টি সদর সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করার দায়িত্ব দেন। সদর সহকারী কমিশনার রুহুল আমিন জানান, তদন্তে এলাকাবাসীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। হাল খতিয়ান অনুযায়ী, দখলীয় জমি পাউবোর হওয়ায় জেলা প্রশাসন পদক্ষেপ নিতে পারছে না। নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলী ধীরেন সরকার বলেন, দখলদাররা অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। তারা নিজে থেকে দখল ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও সরে যায়নি। তাদের উচ্ছেদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে।