পানিনিষ্কাশনের খালে নতুন বসতি নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ দখল উচ্ছেদের নোটিশ দেওয়ার পরও নাটোর শহরের পানিনিষ্কাশনের প্রধান পথ নয়নের জলা দখল করে নতুন করে বসতি নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে ৩২টি পরিবার প্রায় ৫০টি ঘর তুলেছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) কয়েকটি বিলের পানি ও নাটোর পৌরসভার চারটি ওয়ার্ডের (৫, ৬, ৭ ও ৮) পানিনিষ্কাশনের জন্য কয়েক বছর আগে নয়নের জলা খালটি কাটা হয়। উত্তর-দক্ষিণে লম্বালম্বি খালটি শহরের দক্ষিণ বড়গাছা মহল্লায় এসে নারদ নদের সঙ্গে মিলেছে। কয়েক বছর ধরে এই খালের জমি ভরাট করে দখলদারেরা অবৈধ বসতি নির্মাণ করে চলেছে। গত বছর শহরের বড়গাছা মহল্লার ৬৩টি পরিবার জেলা প্রশাসন, পাউবো ও পৌর কর্তৃপক্ষকে নয়নের জলা খালপাড়ের অবৈধ বসতি উচ্ছেদের জন্য চিঠি দেয়। দীর্ঘ তদন্ত শেষে গত ফেব্রুয়ারিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জলাপাড়ের ১৪টি পরিবারকে নিজ খরচে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেন। কিন্তু গত মার্চে নাটোর পৌরসভা ওই অবৈধ বসতি উন্নয়নের পদক্ষেপ নেয়। পৌরসভার পক্ষ থেকে বসতিতে চলাচলালের নতুন রাস্তা নির্মাণ করে দেওয়া হয়।গত শনিবার নয়নের জলার বড়গাছা অংশে দেখা গেছে, পূর্ব পাড়ে খালের জায়গায় নতুন ঢেউটিন দিয়ে কয়েকটি ঘর তোলা হয়েছে। কেউ কেউ খালের মাঝ থেকে পাকা দেয়াল তুলেছে। বাড়ির মালিক সাহেদা বেগম বলেন, ‘নিজের জমিজায়গা না থাকায় খালের পাড়ে বাড়ি করিছি। আমরা তো পৌরসভার ভোটার। আমাদেরও তো এই শহরে থাকার অধিকার আছে। বাড়ি করায় পানি যাওয়ার কোনো সমস্যাও হবে না।’ বসতির তজিম উদ্দিন, সুজন ও খতে বেগমও একই ধরনের কথা বলেন।খালের পশ্চিম পাড়ের স্থায়ী বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘চার-পাঁচ বছর আগেও খালের পাড়ে বসতি ছিল না। হঠাৎ করেই একটি-দুটি করে বসতি গড়ে উঠতে শুরু করেছে। সম্প্রতি পৌরসভা এই অবৈধ বসতি উন্নয়নের প্রকল্প হাতে নেওয়ায় নতুন করে ঘরবাড়ি নির্মাণ শুরু হয়েছে।’ অপর বাসিন্দা মতিউর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে জলার বস্তিতে মাদক ব্যবসা ও নানা অসামাজিক কার্যকলাপ চলে আসছে। পৌরসভা সেসব দমন না করে বস্তি উন্নয়নে নেমেছে। এতে পৌরসভার কিছু কর্মকর্তার বাড়তি কিছু লাভ হবে।’নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক বলেন, ‘বস্তি উচ্ছেদ ও অবৈধ কার্যকলাপ দমনে আমার কোনোই আপত্তি নাই। তবে উচ্ছেদের সঙ্গে সঙ্গে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটা এই মুহূর্তে সম্ভব না হওয়ায় বস্তি উচ্ছেদ করা যাচ্ছে না। আর পৌর এলাকায় কোনো বস্তি থাকলে তার উন্নয়ন করা মেয়র হিসেবে আমার দায়িত্ব।’