জলাবদ্ধতা সমাধানে ওয়াসার দায়িত্ব সিটি করপোরেশনে হস্তান্তরের প্রস্তাব
পানিনিষ্কাশনের দায়িত্ব নিতে শর্ত দিলেন মেয়র
ঢাকার পানিনিষ্কাশন ও জলাবদ্ধতার সমস্যা নিরসনের জন্য একক সংস্থা হিসেবে সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনিসিসি) মেয়র আনিসুল হক এখনই দায়িত্ব নিতে রাজি নন। নগরের নিষ্কাশনব্যবস্থাকে ‘বিকলাঙ্গ ছেলে’ উল্লেখ করে তিনি তা ঠিক করে হস্তান্তরের তাগিদ দিয়েছেন।
গতকাল রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত এক আন্তবিভাগীয় সমন্বয় সভায় মন্ত্রী মেয়রকে এই প্রস্তাব দেন। জলাবদ্ধতা নিরসনে মেয়র আনিসুল হকের পরিচালনায় গুলশানের ডিএনসিসি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও স্থানীয় সাংসদ এ কে এম রহমতউল্লাহ অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন দুই মন্ত্রণালয়ের সচিব, ঢাকার জেলা প্রশাসক, রাজউক চেয়ারম্যান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বর্তমানে জলাবদ্ধতা নিরসনের সঙ্গে সিটি করপোরেশনসহ ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, ভূমি প্রশাসন ও জেলা পরিষদ—এ
পাঁচটি সংস্থা জড়িত। এই সমস্যার সমাধানে বিভিন্ন সময়ে সংস্থাগুলো নানা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। তবে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে এসব পরিকল্পনা সফল হয়নি বলে মনে করা হয়।
গতকাল আলোচনায় প্রধান অতিথি স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকেই সিদ্ধান্ত নেওয়া উচিত, জলাবদ্ধতার সমস্যা নিরসনে একক সংস্থা কোনটি হবে? ওয়াসার পক্ষে এটা সম্ভব না। কারণ ওয়াসার তেমন জনসম্পৃক্ততা নেই। আমার মতে, আপনারা সবাই যদি অ্যাগ্রি করেন (একমত হন) তাহলে ড্রেনেজের দায়িত্ব সিটি করপোরেশনের কাছে দিতে চাই।’
মন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মেয়র আনিসুল হক বলেন, ‘রোগীর ক্যানসার, সেই রোগী নিয়ে আমি কী করব। ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার।’ জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আগে রোগী গ্রহণ করেন, ভালো করার দায়িত্ব আমার।’
এ ছাড়া আলাদাভাবে ঢাকার ড্রেনেজ ব্যবস্থার নতুন দুটি মহাপরিকল্পনা তৈরির জন্য সিটি করপোরেশন ও ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী। বলেন, ঢাকা ওয়াসা ২০০৬ সালে যে মহাপরিকল্পনা তৈরি করেছে, তা এখন আর কার্যকর হবে না। এখন ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন ১৬টি ইউনিয়ন যুক্ত হয়েছে। ঢাকার আয়তন এখন চার গুণ হয়েছে। ওয়াসার মাস্টারপ্ল্যান এখন অচল।
একই সঙ্গে ঢাকার ভেতরে ও আশপাশের নর্দমা, খাল ও নদীগুলো ভরাট হয়ে যাওয়ার জন্য কঠিন বর্জ্য অনেকাংশে দায়ী—এমন মন্তব্য করে মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনাকে একটি কার্যকর কাঠামোর আওতায় আনার তাগিদ দেন।
জলাবদ্ধতার কারণ
সভার শুরুতে ঢাকায় জলাবদ্ধতার কারণ ও খালগুলোর বর্তমান অবস্থা নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরীফ উদ্দিন। প্রতিবেদনে বলা হয়, মিরপুরের বাউনিয়া খাল এই এলাকার পানিনিষ্কাশনের প্রধান মাধ্যম হলেও মাটিকাটা সড়কের কালভার্টের কাছে খাল সাত ফুট হয়ে গেছে। ফলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। কল্যাণপুর ‘খ’ খাল কাগজে-কলমে ৪০ ফুট হলেও অনেক জায়গায় খালের কোনো অস্তিত্ব নেই। একইভাবে ডিএনসিসি এলাকায় পড়া ওয়াসার ২৩টি খাল দখল ও আবর্জনা জমে থাকায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি কারওয়ান বাজার এলাকায় জলাবদ্ধতার কারণ হিসেবে প্রতিবেদনে দেখানো হয়, হাতিরঝিল প্রকল্পের জন্য টিসিবি ভবনের সামনের আউটলেট (নির্গমন পথ) বন্ধ করে দেওয়ায় এই অবস্থা। আর উত্তরা এলাকায় জলাবদ্ধতা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট বিকল হয়ে পড়ায়। এদিকে নির্মিতব্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য বিমানবন্দর সড়কের পাশের প্রাকৃতিক জলাধারগুলো ভরাট করে ফেলায় সেনানিবাস ও খিলক্ষেত এলাকার পানি সরতে দেরি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
খালগুলোর দুরবস্থার বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, খালগুলো নিয়মিত পরিষ্কার করা হয়। এ সময় মেয়র বলেন, প্রতিবেদনের ছবি কিন্তু সে কথা বলছে না।
ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামানের অভিযোগ, খাল পরিষ্কারের বিষয়টি লোক দেখানো। একটা খালে তারা (ওয়াসা) তিন দিন কাজ করে। অল্প একটু জায়গা পরিষ্কার করে ময়লাগুলো ফেলে রেখে চলে যায়।
এই বক্তব্যের জবাবে তাসকিম এ খান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা শতভাগ বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনতে পারছি না। বাকিটা খালে যাচ্ছে।’
এ সময় ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের উদ্দেশে মেয়র বলেন, ‘আমাদের খাল বুঝিয়ে দেন। আমি কোনো দায় নেব না। সারা দেশ আমাকে গালাগালি দেবে, যেটার সরাসরি দায়িত্ব আমার না।’ মেয়র আরও বলেন, ‘প্রতিদিন কিছু হলেই সরাসরি আক্রমণটা আসে মেয়রের ওপর। সেটা চিকুনগুনিয়া হোক, জলজট হোক অথবা যানজট হোক। যেখানে মেয়রের সরাসরি কিছু করার থাকে না।’
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেটের কারণে ঢাকায় কোনো জলাবদ্ধতা হলে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। আর ঢাকার চারপাশের নদীগুলোর দখলকৃত জায়গা উদ্ধারে প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
স্থপতি মোবাশ্বের হোসেন জলাবদ্ধতা দূরীকরণে দুই সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন। এ ছাড়া ভবন নির্মাণে নকশা অনুমোদনের ক্ষেত্রে প্রতিটি ভবনে ২৫ শতাংশ জায়গা উন্মুক্ত রাখার বাধ্যবাধকতা তৈরির পরামর্শ দেন তিনি, যাতে বৃষ্টির পানি আবার ভূগর্ভে ঢুকে যেতে পারে।
স্থপতি ইকবাল হাবিব ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) চিহ্নিত নিম্নভূমি ও বন্যাপ্রবাহ অঞ্চল সংরক্ষণের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে জোর তাগিদ দেন। একই প্রসঙ্গে নগর পরিকল্পনাবিদ আকতার মাহমুদ বলেন, বালু নদের পাশে ড্যাপে চিহ্নিত তিনটি নিষ্কাশন এলাকায় ৫ হাজার ৭৫৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো অধিগ্রহণ করতে হবে।