পানিনিষ্কাশনের ব্যবস্থা না করে ফেলা হলো ইট-বালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর টোল প্লাজার পাশের অংশে সড়কে জমে থাকা পানির কারণে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ইট ও বালু ফেলে ভরাট করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কর্তৃপক্ষ। তবে পানিনিষ্কাশনের ব্যবস্থা না করায় ক্ষোভ প্রকাশ করেন এ পথ দিয়ে চলাচলকারী ব্যক্তিরা।
মহাসড়কের ওই অংশে পানি জমে থাকা ও গর্ত সৃষ্টি হওয়া নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় ‘পানির নিচে মহাসড়ক!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের প্রকৌশলীদের তত্ত্বাবধানে মহাসড়কের ওই স্থানের প্রায় ৫০০ ফুট অংশে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ইট ও বালু দিয়ে ভরাট করা হয়। বেলা ১১টার দিকে ওই স্থান পরিদর্শন করেন সওজের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ মুসা ও নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোশনি-এ-ফাতিমা। তাঁরা মহাসড়কের পানিনিষ্কাশনের উপায় খুঁজে বের করার চেষ্টা করেন।
পানিনিষ্কাশনের ব্যবস্থা না করে ইট ও বালু দিয়ে গর্ত ভরাট করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও এলাকাবাসী। মেঘনাঘাট থেকে ঢাকার গুলিস্তানগামী স্বদেশ পরিবহনের চালক আফসার উদ্দিন বলেন, ইট ও বালু দিয়ে গর্ত ভরাট করে সওজ কর্তৃপক্ষ লোক দেখানো কাজ করছে। বৃষ্টি হলেই পানি জমে গর্তের ইট-বালু উঠে যাবে।
স্থানীয় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) রফিকুল ইসলাম বলেন, স্থায়ী সমাধানের ব্যবস্থা না নিয়ে ইট-বালু দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে। এক দিনের বৃষ্টিতেই এসব ইট-বালু উঠে গিয়ে সড়ক আগের অবস্থায় ফিরে যাবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোশনি-এ-ফাতিমা বলেন, ‘গর্ত ভরাট করে অস্থায়ীভাবে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছি। পানিনিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের ব্যবস্থাও নেওয়া হবে।’