পানিপথ রুদ্ধ, বাড়ছে বন্যার ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য বন্যা হলে ঢাকার ৬০ শতাংশ এলাকাই প্লাবিত হয়ে যাবে। পানিপ্রবাহ অঞ্চল এবং ড্রেনগুলো ভরাট করে ফেলায় বেড়ে যাচ্ছে মৌসুমি বন্যার আশঙ্কা। ঢাকার নিম্নাঞ্চলের জলাভূমি রক্ষায় আইন থাকলেও সেগুলোর প্রয়োগ না হওয়াতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
গতকাল রোববার রাজউক ভবনে আয়োজিত ঢাকার কাঠামো পরিকল্পনার খসড়া নিয়ে আয়োজিত সেমিনারে ‘দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের মাধ্যমে স্থিতিস্থাপকতা’ শীর্ষক এক প্রবন্ধে এ অভিমত তুলে ধরেন রাজউকের দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. মাকসুদুর রহমান। তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে শহরকে ঘিরে থাকা শহর রক্ষা বাঁধ পর্যবেক্ষণ, পানিপ্রবাহের জায়গা নির্ধারণ করা, বাড়িঘরের নকশায় পরিবর্তন আনতে হবে।
প্রবন্ধে বলা হয়, প্রতিদিনই ঢাকায় জনসংখ্যার চাপ বাড়ছে। সামনের কয়েক দশকে এই চাপ আরও বাড়বে। অপরিকল্পিত জনসংখ্যা, ভবন, অবকাঠামো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে বিশ্বের অন্য বড় শহরের তুলনায় ঢাকা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রাকৃতিক ও মানুষের তৈরি এসব ঝুঁকির কারণে বিপুল প্রাণহানি ঘটতে পারে।
প্রবন্ধে ভূমিকম্প, বন্যা, আগুন, ভবনধস, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়াকে দুর্যোগ হিসেবে গণ্য করা হয়েছে। এতে বলা হয়, বিশ্বের ভূমিকম্পপ্রবণ ২০টি শহরের মধ্যে ঢাকা অন্যতম। ঢাকার ৩ লাখ ২৬ হাজার ভবনের মধ্যে ৭৮ হাজার ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প হলে ঢাকার গ্যাস-সংযোগ ও বৈদ্যুতিক সংযোগে বিস্ফোরণ ঘটতে পারে। উচ্চমাত্রার ভূমিকম্প নিয়ে নগর কর্তৃপক্ষের প্রস্তুতি খুবই দুর্বল।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে প্রবন্ধে ভূমিকম্পের ঝুঁকি মূল্যায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বেসরকারি আবাসন ব্যবসায়ীদের জমির ঝুঁকি মূল্যায়ন করতে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
পরিকল্পনায় বলা হয়েছে, নিয়ন্ত্রণহীনভাবে ভবন তৈরি ও অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩-এর প্রয়োগ না হওয়ায় ঢাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে গেছে। নিমতলী অগ্নিকাণ্ড, তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের উদাহরণ তুলে ধরে বলা হয়, আবার এমন পরিস্থিতি হলে ব্যাপক প্রাণহানি ঘটবে।
ঢাকার ৮০ শতাংশ সড়ক সরু ও অপরিকল্পিত। যার কারণে ঘটনাস্থলে অগ্নিনির্বাপণকর্মী ও অ্যাম্বুলেন্সের প্রবেশ বাধাগ্রস্ত হতে পারে। জনসংখ্যার ঘনত্ব অনেক হলেও জরুরি পরিস্থিতিতে বের হওয়ার বিকল্প পথ না থাকায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে।
অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পরিকল্পনায় প্রতিটি সুউচ্চ ভবনে বিকল্প পথ ও অগ্নিনির্বাপণব্যবস্থা রাখা, ফায়ার সার্ভিস বিভাগের সক্ষমতা বাড়ানো, অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন প্রয়োগ করাসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে।
গত সাত বছরে ঢাকার ভূগর্ভস্থ পানির পরিমাণ ২০ মিটারের বেশি কমে গেছে বলে পরিকল্পনায় বলা হয়েছে। প্রতিবছর ২ দশমিক ৮১ মিটার করে ভূগর্ভস্থ পানির পরিমাণ কমছে। কর্তৃপক্ষ নাগরিকদের পানি সরবরাহের ক্ষেত্রে ভূগর্ভস্থ পানির ওপর অতিমাত্রায় নির্ভর করছে।
অধিবেশনে পরিকল্পনার মূল বিষয়বস্তু পর্যালোচনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদি এ আনসারি। তিনি বলেন, দেশে অনেক আইন আছে, কিন্তু বাস্তবায়ন নেই। ঢাকায় ভবনধসের ঘটনা ঘটলেও কোনো বিচার হয় না। রাজউকের সঙ্গে দুই সিটি করপোরেশনের সমন্বয়হীনতা আছে। পরিকল্পপনা করার আগে ঠিক করতে হবে, কোন কর্তৃপক্ষের কী দায়িত্ব।