পানিপ্রবাহ বন্ধ করে তৈরি হচ্ছে রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার বানিয়াগাঁতী গ্রামে সরকারি বরাদ্দে রাস্তা নির্মাণ করায় সেতুর নিচ দিয়ে পানি প্রবাহের পথ বন্ধ হয়ে গেছে। এতে জলমহাল ও আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এলাকাবাসী জানান, গ্রামে ১০০ একর সরকারি জলমহাল রয়েছে। এর দক্ষিণ পাশ দিয়ে মথুরাপুর ও গোপালনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি পাকা রাস্তা গেছে। জলমহালের পানি প্রবাহের জন্য রাস্তাটির ওপর ২০০৬ সালে একটি সেতু নির্মাণ করা হয়। সম্প্রতি ১৬ মেট্রিক টন সরকারি গম বরাদ্দ নিয়ে সেতুর মুখে রাস্তা নির্মাণ করেছেন উপজেলা যুবলীগের সদস্য আরিফুল ইসলাম। কিন্তু নির্মাণাধীন এ রাস্তাটি জলমহালের দক্ষিণ পাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে সেতুর নিচ দিয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে। ফলে জলমহালসহ পশ্চিম এলাকার অন্যান্য আবাদি জমিও জলাবদ্ধ হয়ে পড়বে। গোপালনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হোসেন জানান, ওখান দিয়ে রাস্তা না করে একটু অন্যদিক দিয়ে করলে কারও সমস্যা ছিল না। যুবলীগের নেতা আরিফুল বলেন, ‘আমি গ্রামবাসীর সঙ্গে কথা বলেই রাস্তা করেছি।’ সেতুর মুখ বন্ধের বিষয়ে তিনি জানান, নতুন রাস্তায় একটি কালভার্ট করে দিলেই আর সমস্যা হবে না। টাকা না পেয়ে কিছু মানুষ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আবদুল্লাহেল কাফি বলেন, ‘রাস্তা নির্মাণের কাজ শেষ হলে পানি প্রবাহের ব্যবস্থা করা হবে।’