পানিপ্রবাহ বিঘ্নিত, জলাবদ্ধতায় ১২ লক্ষাধিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি) এলাকায় পানির স্বাভাবিক গতিপ্রবাহ বিঘ্নিত হচ্ছে। প্রকল্প এলাকার ভেতর প্রায় এক যুগ ধরে অপরিকল্পিতভাবে বাড়িঘর, রাস্তাঘাট নির্মাণসহ নদী ও খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে এখানকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৭৪ সাল থেকে সিআইপির আওতাধীন রায়পুর, লক্ষ্মীপুর সদর (আংশিক), রামগঞ্জ (আংশিক), ফরিদগঞ্জ, চাঁদপুর সদর (আংশিক) ও হাইমচর উপজেলায় পরিকল্পিতভাবে বন্যানিয়ন্ত্রণ, পানি সেচ ও নিষ্কাশন কার্যক্রম শুরু হয়। প্রকল্প এলাকায় ৫৩ হাজার হেক্টর জমির মধ্যে ২২ হাজার হেক্টর জমিতে আউশ, আমন, বোরোসহ বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ করা হয়। প্রকল্প এলাকায় বসবাসকারী মানুষের সংখ্যা ১২ লক্ষাধিক। এর মধ্যে কৃষক রয়েছেন চার লক্ষাধিক। সিআইপির নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) কার্যালয় সূত্র জানায়, প্রকল্প এলাকাকে বন্যা ও জলাবদ্ধতামুক্ত রাখতে রায়পুরে ২২ হাজার কিউসেক পানি নিষ্কাশন ক্ষমতাসম্পন্ন রেগুলেটর রয়েছে। এ ছাড়া ১ বেন্টের বাংলাবাজার, গোপীনাথপুর ২ বেন্টের রামদাসদী, চরভৈরবী ও বইচাতলী স্থানে স্লুইচগেট রয়েছে। রায়পুর উপজেলার বামনী পানি উন্নয়ন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, ১৫-২০ বছর ধরে পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া অপরিকল্পিতভাবে ফসলি জমির মাঝখানে এবং রাস্তার পাশে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। পানি নিষ্কাশন ক্যানেলগুলোর ওপরও একইভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর সদরের গোপীনাথপুর, বাঞ্ছারামপুরসহ অনেক স্থানে রাস্তা নির্মাণ করতে গিয়ে ৬০ ফুট প্রশস্ত বোরো পিট খালে পাঁচ-ছয় ফুট ব্যাসের পাইপ দিয়ে পানি নিষ্কাশনের পথ সঙ্কুচিত করা হয়েছে। শুষ্ক মৌসুমে গ্রামের লোকজন অনেক খালে মাটির আইল দিয়ে মাছ ধরে। পরে সেগুলো না ভাঙায় পানি নিষ্কাশনব্যবস্থা বাধাগ্রস্ত হয়। মাছ চাষের জন্য লোকজন বোরো পিট খালের মধ্যে প্রায় ৪০টি স্থান, সি খাল, পি-৩ খালসহ কয়েকটি প্রধান খালের মুখে ও ডাকাতিয়া নদীর মধ্যে চারটি স্থানে বাঁশের তৈরি গড়া (বানা), মোটা তার এবং রশির তৈরি নেট দেওয়ার কারণেও পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। রায়পুরের চরবংশী মৎস্যজীবী সমিতির সভাপতি মোস্তফা বেপারী বলেন, সেচ প্রকল্পের ভেতর থেকে পানির স্বাভাবিক নিষ্কাশন-প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। এতে চরবংশীর নাইয়াপাড়ায় বসবাসকারী প্রায় পাঁচ হাজার লোককে বছরের অর্ধেক সময় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে। রামগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের কৃষক মো. সাইফুল আলম বলেন, বর্ষা মৌসুমে প্রকল্প এলাকায় অতিরিক্ত পানি থাকে। এ জন্য একাধিকবার জমিতে ধান লাগালেও তা নষ্ট হয়ে যায়। ইরি মৌসুমে সেচের পানির তীব্র সংকট থাকে। সেচ দিতে না পারায় জমিতে লাগানো ইরি ধান জ্বলে যায়। ইরি মৌসুমে এখানকার কৃষক পানির দাবিতে এলাকায় মিছিলও করেন। রামগঞ্জ কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, গেল বোরো মৌসুমে সিআইপির ভেতরের প্রায় দেড় হাজার হেক্টর জমির ধান সেচের অভাবে নষ্ট হয়ে গেছে। ইরি আবাদ করা যায়নি ৩০০ হেক্টর জমিতে। সিআইপির সংযোগ খালগুলোতে পানি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়। রায়পুর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, দুই-চার দিন টানা বৃষ্টিপাত হলে বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যা দেখা দেয়। এতে বহু পুকুরে চাষ করা মাছ পানিতে ভেসে যায়। এ ব্যাপারে সিআইপির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. শওকত আলী জানান, পানি নিষ্কাশনপথে প্রতিবন্ধকতা না থাকলে প্রকল্প এলাকাকে জলাবদ্ধতামুক্ত রাখা সম্ভব। প্রতিবন্ধকতার বিষয়টি দেখার দায়িত্ব পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের। চাঁদপুর সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (পওর) জীবন কৃষ্ণ দাস বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’