পানিফলে ফিরেছে সুদিন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১. গাবতলী উপজেলার সোন্দাবাড়ী গ্রামের হামরাখুলি বিলে চাড়ি নিয়ে ​পানিফল তুলতে নেমেছেন চাষিরা। ২. সড়কের ধারে বিক্রির জন্য পানিফলের পসরা সাজিয়েছেন এক বিক্রেতা। ৩. চাড়ি ভরে উঠছে পানিফলে। ছবিগুলো সম্প্রতি বগুড়া  শহরের চেলোপাড়া এলাকা থেকে তোলা l সোয়েল রানা
১. গাবতলী উপজেলার সোন্দাবাড়ী গ্রামের হামরাখুলি বিলে চাড়ি নিয়ে ​পানিফল তুলতে নেমেছেন চাষিরা। ২. সড়কের ধারে বিক্রির জন্য পানিফলের পসরা সাজিয়েছেন এক বিক্রেতা। ৩. চাড়ি ভরে উঠছে পানিফলে। ছবিগুলো সম্প্রতি বগুড়া শহরের চেলোপাড়া এলাকা থেকে তোলা l সোয়েল রানা

বগুড়ার গাবতলী উপজেলায় মৌসুমি পানিফল পাল্টে দিয়েছে অনেক চাষির ভাগ্য। পতিত খাল-বিল ও জলাশয়ে পানিফল চাষ করে অনেকেরই সংসারে ফিরেছে সুদিন। এই পানিফলের বিক্রিবাট্টায় ইদানীয় চাষি আর ব্যাপারীদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে বগুড়া শহরের চেলোপাড়া চাষিবাজার-সংলগ্ন এলাকা। এ বাজারের পাশেই বসে পানিফলের বাজার।
উপজেলার সন্দাবাড়ি গ্রামের দুই সহোদর মোস্তাফিজার প্রামাণিক ও বুলু প্রামাণিক বাড়ির পাশে হামরাখুলি বিলে ৩৩ বছর ধরে পানিফল চাষ করছেন। এবারও তাঁরা ১৩ বিঘায় পানিফল চাষ করেছেন।
মোস্তাফিজার প্রামাণিক বলেন, ‘শীতকালে ফল আহরণ শেষ হলে বিলের পানিতে ফলের চারা রেখে দিই। ক্রমেই বাড়তে থাকে চারাগাছের সংখ্যা। পানির নিচের দিকে যেতে থাকে শিকড়। অল্প দিনেই লতাপাতার বিস্তার হতে থাকে। ভাদ্র মাস থেকে গাছে ফল আসতে থাকে। আশ্বিন-কার্তিক মাসে ফল বিক্রি শুরু হয়। প্রতি সপ্তাহে ফল তোলা যায়।’
গাবতলীর গোড়দহ বিলের ৩৫ বিঘা দীর্ঘ একটি জলাশয়ে এবার পানিফল চাষ করেছেন গোড়দহ গ্রামের চাষি শহিদুল ইসলাম (৫২)। তিনি বলেন, ধানচাষে এখন লাভ নেই। তাই কয়েক বছর ধরেই পানিফল চাষ করছেন। ব্যক্তিমালিকানাধীন জলাশয়ের জমি ইজারা নিয়ে তিনি পানিফল চাষ করেছেন। এই ফল চাষ করে গতবার খরচ বাদে তাঁর আড়াই লাখ টাকা লাভ হয়েছে। এবারও ফলন ও দাম দুইই ভালো। এবার গতবারের চেয়েও বেশি লাভ হবে বলে আশা করছেন তিনি।
উপজেলার ক্ষিদ্রপেরী গ্রামের সুলতান মিয়া কয়েক বছর আগেও নির্মাণশ্রমিকের কাজ করতেন। ভূমিহীন ও হতদরিদ্র এই দিনমজুর অনেকটা শখের বশে পানিফল চাষ শুরু করেন। প্রথমদিকে স্থানীয় বিলের এক বিঘা ইজারা নিয়ে পানিফল চাষ করেন। মাত্র তিন-চার বছরেই তাঁর সংসারে সুদিন আসে। তিনি বলেন, শ্রমিকের কাজ করে অনাহারে-অর্ধাহারে দিন যেত। পানিফল চাষে সংসারে সুদিন ফিরেছে। এবার স্থানীয় ক্ষিদ্রপেরী বিলে তিনি সাত বিঘায় পানিফল চাষ করেছেন।
গত সোমবার ভোরে চেলোপাড়া চাষিবাজারের পাশে বসা পানিফলের বাজারে গিয়ে দেখা যায়, বাজারে প্রচুর পানিফল উঠেছে। ক্রেতা-বিক্রেতা, চাষি-ব্যাপারীদের আনাগোনায় সাতসকালেই মুখরিত বাজার। দূরদূরান্ত থেকেও চাষিরা বাজারে এসেছেন পানিফল বিক্রি করতে।
ব্যাপারী জানে আলম বলেন, মৌসুমের প্রথম দিকে প্রতি মণ পানিফল মানভেদে ১৫০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে। এখন আমদানি বেড়ে যাওয়ায় মানভেদে ৮০০ থেকে ১০০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন গড়ে ৭০ থেকে ১০০ মণ পর্যন্ত পানিফলের আমদানি হচ্ছে।
গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বহু বছর ধরেই এ উপজেলার বিলসহ নিচু জলাভূমিতে বাণিজ্যিকভাবে পানিফল চাষ হচ্ছে। এবার উপজেলায় ৭০০ হেক্টর জমিতে এই ফলের চাষ হয়েছে। এই ৭০০ হেক্টরের মধ্যে কেউ ব্যক্তিমালিকানায়, কেউ ইজারা নিয়ে চাষ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মুহাম্মদ আহসান শহীদ বলেন, জলাশয়ে চাষ হয় বলে এটি ‘পানিফল’ নামে খ্যাত। স্থানীয় ভাষায় এটি ‘পানি শিঙাড়া’ নামেও পরিচিত। এ ফলে কোনো বীজ নেই। লতাপাতার মতো সারা বছরই জলাশয়ে ভাসতে দেখা যায় এ ফলের গাছ। উপজেলার নিচু এলাকার জলাশয়ে মৌসুমি ফসল হিসেবে পানিফল চাষ করা হয়। মাছের সঙ্গে মিশ্রভাবেও চাষিরা এ ফল চাষ করেন। এক মৌসুমে ২-৩ বার পানিফল আহরণ করা যায়। এটি পানিতে ভরপুর এবং প্রচুর খনিজ উপাদানে সমৃদ্ধ সুস্বাদু একটি ফল। শহর-গ্রামে সব খানেই এ ফলের চাহিদা রয়েছে। লাভজনক হওয়ায় পানিফল চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে।