রাজশাহীর চারটি উপজেলায় বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। চাঁপাইনবাবগঞ্জে গতকাল বন্যার পানিতে ডুবে এক স্কুলছাত্রী মারা গেছে। কুড়িগ্রামে কয়েক শ একর জমির ফসল ডুবে গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: গতকাল রোববার পদ্মার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পদ্মার পানি বাড়ায় পবা, চারঘাট, বাঘা ও গোদাগাড়ির চরাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কয়েক হাজার বিঘা জমির ফসল তলিয়ে গেছে।
চারঘাট উপজেলার ইউসুফপুর, সাহাপুর, রাওথা, বাঘার আলাইপুর ও গোদাগাড়ির ভাটুপাড়া এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, পানি এখনো বিপৎসীমার ওপরে থাকলেও কমতে শুরু করেছে।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ এখনো কমেনি। সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মার ভাঙনে দুটি ওয়ার্ডে এক হাজার ২৮০টি বাড়িঘর বিলীন হয়ে গেছে। বন্যার পানিতে ডুবে গতকাল রোববার ইউনিয়নের কোদালকাঠি গ্রামে রাবেয়া খাতুন নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী মারা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় (রোববার সকাল পর্যন্ত) পদ্মার পানি ছয় সেন্টিমিটার ও মহানন্দা নদীর পানি এক সেন্টিমিটার কমেছে। তবে পদ্মার পানি এখনো বিপৎসীমার ১১ সেন্টিমিটার এবং মহানন্দার পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম: ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ জেলার সবগুলো নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় তলিয়ে গেছে কয়েক শ একরের ধান ও শাকসবজি। নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউপির চেয়ারম্যান শাহজামাল জানান, বিভিন্ন চরে ফসল ডুবে গেছে। সদর উপজেলার চর যাত্রাপুর থেকে পাঁচগাছি ইউনিয়নের গাড়ুহার পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। লোকজন দ্রুত ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। ক্ষতিগ্রস্ত লোকজন সড়ক অথবা বাঁধে আশ্রয় নিচ্ছে।