পানিবন্দী বস্তিবাসী আশ্রয় নিয়েছেন বিদ্যালয়ে
চার দিনের টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে রংপুর নগরের বস্তির বাসিন্দারা। বস্তির প্রায় দুই হাজার মানুষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।
ভুক্তভোগীরা জানান, নগরে এর আগে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ১৯৮৭ সালে। পয়োনিষ্কাশন–ব্যবস্থা দুর্বল হওয়ায় পানি দ্রুত নামতে পারছে না। এ কারণে এবার এমন দুরবস্থা হয়েছে।
নগরের রোটারি মাধ্যমিক বিদ্যালয়, কেরামতিয়া উচ্চবিদ্যালয়, গুপ্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোসলেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়, নিউ জুম্মাপাড়ায় ইউসেফ বিদ্যালয়, আমাশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খটখটিয়া উচ্চবিদ্যালয়, হনুমানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলকণ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালবন মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয়ে পানিবন্দী মানুষ আশ্রয় নিয়েছে।
মেয়র সরফুদ্দীন আহমেদ বিভিন্ন বিদ্যালয় ঘুরে আশ্রিত লোকজনের সঙ্গে কথা বলেছেন। দুর্গত পরিবারগুলোকে পাঁচ কেজি করে চাল ও আধা কেজি করে ডাল দেওয়া হয়েছে সিটি করপোরেশনের পক্ষ থেকে।