পানিবন্দী মানুষ, জনজীবন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী কয়েক লাখ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। বান্দরবান সদরের সঙ্গে পাঁচটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর।ফটিকছড়ি: ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। নারায়ণহাট, লেলাং, সুয়াবিল, রোসাংগিরি ইউনিয়নের বিলগুলো পানিতে থই থই করছে। এক হাজারের বেশি পুকুর-ডোবা পানিতে তলিয়ে গেছে।নাজিরহাটের কুতুব শাহ রাস্তা, গোল মোহাম্মদ বাড়ি রাস্তা, নারায়ণহাটসংলগ্ন শাহ আলম ফরেস্টার রাস্তা, জমিদারপাড়া রাস্তা, মনসুর বাড়ি রাস্তাসহ অর্ধশতাধিক ছোট-বড় কাঁচা রাস্তা পানিতে তলিয়ে গেছে।এ ছাড়া অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি পানির তোড়ে ও হালদার ভাঙনের কারণে বিধ্বস্ত হয়েছে।কুতুবদিয়া: টানা বর্ষণ আর জোয়ারের পানিতে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেক রাস্তায় কোমর পর্যন্ত পানি জমেছে।তাবলরচর, কুমিরারছড়া, জেলেপাড়া ও হাইদরপাড়ায় জোয়ারের পানি ঢুকে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।টানা বৃষ্টির কারণে কৈয়ারবিল ইউনিয়নের কলস্যা ঘোনা, মলমচর এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।চন্দনাইশ: চট্টগ্রামের চন্দনাইশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উপজেলার অর্ধলাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শঙ্খ নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার অর্ধসহস্রাধিক পুকুর ও ম ৎস্য খামার পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া শঙ্খ নদের ভাঙন তীব্র হয়েছে। রামু: কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল, গর্জনীয়া, কচ্ছপিয়া, ঈদগড়, জোয়ারিয়ানালা, রশিদ নগরসহ উপজেলার অর্ধশতাধিক গ্রামের এক লাখ মানুষ মানবেতর দিন কাটাচ্ছে। বন্যাকবলিত বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান দ্বিতীয় সাময়িক পরীক্ষা বন্ধ রয়েছে।রামু-নাইক্ষ্যংছড়ি, রামু-মরিচ্যা, রশিদনগর-ধলিরছড়া, চেইন্দা-রাজারকুল, ঈদগাহ-ঈদগড় সড়কসহ প্রায় ১০টি অভ্যন্তরীণ সড়ক বন্ধ রয়েছে।গত শনিবারের মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁকখালী নদী, রেজু খাল, সোনাইছড়ী ও কালিরছড়া খালে পানি বেড়ে যাওয়ায় উপজেলার প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে।টেকনাফ: টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের টেকনাফে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।ভারী বর্ষণে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা আবারও প্লাবিত হয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ি ও রাস্তাঘাট কোমরপানিতে ডুবে গেছে।টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আহমদ প্রথম আলোকে বলেন, হঠা ৎ করে ভারী বর্ষণে পৌরসভার কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।বান্দরবান: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাত উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গত তিন দিনের জলাবদ্ধতায় এখানকার জনজীবন স্থবির হয়ে পড়েছে। গতকাল বুধবারও বিভিন্ন উপজেলার ঘরবাড়ি ও ফসলি জমি পানির নিচে ছিল। বন্যা ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন উপজেলার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সরেজমিন ঘুরে দেখা গেছে।বান্দরবান জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে, এই সাত উপজেলায় বসবাসরত প্রায় চার লাখ লোকের মধ্যে দুই লাখ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কারও ঘরবাড়ি, কারও ফসলের ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে লামা, থানচি, রোয়াংছড়ি, বান্দরবান সদর ও রুমা অন্যতম।বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল আবছার প্রথম আলোকে বলেন, ‘কমবেশি সব উপজেলা আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচটি উপজেলার সঙ্গে সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বসতবাড়ি ছাড়াও কৃষিজমি এবং বিভিন্ন বাগান নষ্ট হয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ তিনি বলেন, বুধবার দুপুর থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।লামা ও আলীকদম উপজেলায় গতকাল সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, লামা বাজার, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, পশুসম্পদ কার্যালয়, নয়া পাড়া, টিঅ্যান্ডটি পাড়া, বাসস্টেশন এলাকা, পৌরসভা সদর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হাঁটু পরিমাণ পানি রয়েছে। বাজারের ওপর দিয়ে নৌকা চলতে দেখা গেছে।চকরিয়া: পাহাড়ি ঢলে কক্সবাজারে চকরিয়ায় দুই লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছেন। চকরিয়া উপজেলার চেয়ারম্যান রেজাউল করিম বলেন, সাংগু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধির কারণে উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভায় বন্যা দেখা দিয়েছে।নোয়াখালী: টানা চার দিনের বৃষ্টিপাতে নোয়াখালী জেলা শহরের বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া অস্বাভাবিক জোয়ারে কোম্পানীগঞ্জ ও হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বর্ষণে শহরে জেলা প্রশাসকের কার্যালয়, জজকোর্ট সড়ক, বড় মসজিদ সড়ক, সরকারি আবাসিক এলাকা, হাউজিং এস্টেটসহ শহরের বেশির ভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।এদিকে বৃষ্টির পাশাপাশি প্রবল জোয়ারের পানিতে হাতিয়ার নিঝুমদ্বীপ, সুখচর, বুড়িরচর, জাহাজমারা, সোনাদিয়া, হরনী, চানন্দী, চরঈশ্বর, নলচিরা ও তমরদ্দি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উঠতি আউশ ফসল ও শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে খামারের মাছ। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমজাদ হোসেন জানান, জোয়ারে চরএলাহী, চরফকিরা ও মুছাপুর ইউনিয়নের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। ফসলি জমি পানির নিচে। বামনী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় চর এলাহী ইউনিয়নে নির্মিত নতুন একটি বেড়িবাঁধও হুমকির মুখে পড়েছে।