পানিবন্দী মানুষের ঈদের আনন্দ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার জলাবদ্ধ এলাকায় মানুষের মাঝে ঈদের আনন্দ নেই। পানিবন্দী এলাকার ঈদগাহে নামাজও হবে না। অনেক জায়গায় ঈদের জামাত হবে রাস্তায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, টানা বৃষ্টির কারণে কেশবপুরের পৌরসভাসহ ১১টি ইউনিয়ন জলাবদ্ধ অবস্থায় রয়েছে। এখানকার ১৭ হাজার ৩৪৯টি পরিবারের ৮২ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। ২০টি আশ্রয়কেন্দ্রে ৯ হাজার ১৭১ জন আশ্রয় নিয়েছে।
গতকাল শনিবার এ প্রতিনিধি যশোর-সাতক্ষীরা আঞ্চলিক সড়কের আলতাপোল ও মধ্যকুল এলাকা এবং কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে যান।
মধ্যকুল এলাকার টংঘরে আশ্রয় নেওয়া হাবাসপোল এলাকার শেফালি বেগম বলেন, ‘দুডো খাতি তাই পারতিছিনে। ঈদ করব তা টাকা কনে পাব। ইবার ছেলেমেয়েদের কাপড় কিনে দিতিও পারলাম না।’
শিশু বীথি জানায়, গত ঈদে তার মা সেমাই রান্না করেছিল। এবার আর দিতে পারবে না।
আলতাপোল এলাকায় টংঘর বেঁধেছেন বাজিতপুর এলাকার আবেদা খাতুন। তিনি বলেন, এবার রাস্তায় ঈদ হবে। কপালে এক টুকরো মাংসও জুটবে না।
আবদুল গণি বলেন, বাজিতপুর ঈদগাহ পানিতে থইথই করছে। রাস্তায় নামাজ পড়তে হবে।
কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া নজরুল বলেন, ‘এবার ঈদ আমাদের জন্য দুঃখের।’
কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, তাঁর ইউনিয়নের আলতাপোল মোড়লপাড়া, আলতাপোল সরদারপাড়া, মধ্যকুল সরদারপাড়া, মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোজাপুর মধ্যমপাড়া ঈদগাহে পানি থাকায় সেখানে জামাত হবে না। এসব এলাকায় রাস্তায় নামাজ পড়তে হবে। পানিবন্দী মানুষেরা খুবই কষ্টে আছে। তাঁদের মনে ঈদের আনন্দ নেই।
পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে পানিবন্দী মানুষেরা নামাজ পড়তে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, শিবিরে আশ্রয় নেওয়া মানুষের মাঝে সেমাই, চিনি ও মাংস বিতরণের ব্যবস্থা করা হবে।