পানিবন্দী মানুষের দিন কাটছে অর্ধাহারে
সাতক্ষীরার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। নতুন নতুন এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। যতই দিন যাচ্ছে পানিবন্দী মানুষের কষ্ট ততই বাড়ছে। আশ্রয়কেন্দ্রের লোকজন পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না। তাদের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। গত সোম ও মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, তালা উপজেলার গাছা, ছোট গাছা, কৃষ্ণনগর, গোপালডাঙ্গা, বাগডাঙ্গা, কৈখালী, হরিহরনগর, মেছেরডাঙ্গা, দুর্বাডাঙ্গাসহ যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। ধসে পড়ছে কাঁচা ঘরবাড়ি। বিভিন্ন গ্রামের সড়ক তিন-চার ফুট পানির নিচে। সেখানে চলছে নৌকা। অনেকেই নৌকা নিয়ে কয়েক কিলোমিটার দূরে যাচ্ছে খাবার পানির সন্ধানে। অধিকাংশ স্কুলে পানি উঠেছে। সেখানেই আশ্রয় নিয়েছে অনেক পরিবার। অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে বাড়িতে মাচার ওপর আশ্রয় নিয়েছে। বহু লোক রাস্তায় নিয়েছে ঠাঁই। তালা উপজেলার ১২টি ইউনিয়নের ১৭০টি গ্রামের প্রায় আড়াই লাখ মানুষ এখন পানিবন্দী।শহীদ জিয়াউর রহমান কলেজে আশ্রয় নেওয়া কবিতা রানী মণ্ডল, নিরঞ্জন গোলদারসহ অনেকে বলেন, ‘তাঁরা ১০ দিন ধরে পরিবার-পরিজন নিয়ে এখানে আশ্রয় নিয়েছেন। কিছু ত্রাণ পেলেও থাকতে হচ্ছে অর্ধাহারে।’ সাতক্ষীরা পৌরসভা, সাতক্ষীরা সদরের বল্লি, ঝাউডাঙ্গা, লাবসা, ব্রহ্মরাজপুর, ধুলিহর, ফিংড়ি, আশাশুনি উপজেলার কুল্যা, বুধহাটা, দুর্গাপুর, প্রতাপনগর, শ্রীউলা, কলারোয়া উপজেলার দিয়াড়া, জয়নগর, ক্ষেত্রপাড়া, কুশডাঙ্গা জালালাবাদ কয়লা, দেবহাটা উপজেলার কুলিয়া, শ্যামনগর উপজেলার গাবুরা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, যতীন্দ্রনগরসহ বিভিন্ন এলাকার একই রকম অবস্থা। সাতক্ষীরা সদরের আখড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আশ্রয় নেওয়া হজরত আলী বলেন, ‘এখানে খাবার পানির তীব্র সংকট। প্রাকৃতিক কাজ সারার ব্যবস্থা নেই।’ জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্রে জানা গেছে, জেলার ৬৬টি ইউনিয়ন পরিষদ ও দুটি পৌরসভার এক হাজার ১৭ বর্গকিলোমিটার এলাকা ডুবে সাড়ে আট লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী প্রায় ছয় লাখ মানুষ। ২৩৪টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১৫ হাজার পরিবার। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ শেখ মুজিবুর রহমান জানান, কীভাবে দ্রুততম সময়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় সে ব্যাপারে স্থানীয় মানুষ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যে কপোতাক্ষ নদ থেকে বাঁধ-পাটা-জাল অপসারণ শুরু হয়েছে। কয়েকটি এলাকার খাল ও সু্লইসগেট দিয়ে পানি সরানোর ব্যবস্থা করা হয়েছে। ত্রাণতৎপরতা জোরদারের চেষ্টা চলছে।