পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ছে, ফসলের ব্যাপক ক্ষতি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও কয়েক দিনের বৃষ্টিতে কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার বিস্তীর্ণ জমি প্লাবিত হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছেন। ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: উজান থেকে নেমে আসা ঢলে জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদ-নদীর অববাহিকার শতাধিক চর নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ৪০ হাজার মানুষ। সদরের যাত্রাপুর, ঘোগাদহ, উলিপুরের সাহেবের আলগা, হাতিয়া, চিলমারীর রানীগঞ্জ, অষ্টমীর চর, নয়ারহাটসহ কয়েকটি ইউনিয়নের চরগ্রামগুলোতে পানি ঢুকতে শুরু করেছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানি ঢুকে গ্রামীণ সড়ক ও ফসলি জমি ডুবে গেছে। পাট, সবজি, কলা, আমন বীজতলাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে বেশ কিছু পুকুর ও জলাশয়ের মাছ। সাহেবের আলগা ইউনিয়নের মশালের চরের আবুল কালাম বলেন, বাড়ি-ভিটা ছাড়া সব ডুবে গেছে। নৌকা ও কলাগাছের ভেলা ছাড়া চলাচলের কোনো উপায় নেই।
প্রবল স্রোতে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বান্টুর ঘাট এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৩০ মিটার ধসে গেছে। আতঙ্কিত হয়ে এলাকাবাসী দোকানপাট দ্রুত সরিয়ে নেন। ঘাট এলাকার ব্যবসায়ী আজিমুদ্দিন বলেন, উজানের প্রবল স্রোতে সকাল নয়টার দিকে বাঁধটি ধসে যেতে শুরু করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. খায়রুল ইসলাম মণ্ডল বলেন, এই বাঁধ ভেঙে গেলে ১০টি গ্রাম প্লাবিত হয়ে যাবে। হুমকির মুখে পড়বে কুড়িগ্রাম-রংপুর সড়ক। শহরের কয়েকটি এলাকার লোকজনও পানিবন্দী হয়ে পড়তে পারেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজার রহমান বলেন, জরুরি ভিত্তিতে গাছপালা ও বালুভর্তি জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
নীলফামারী: তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গত বুধবার তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপরে ওঠে। পরে ২৪ ঘণ্টার ব্যবধানে তা বিপৎসীমার নিচে নেমে আসে।
পানি বৃদ্ধির কারণে ডিমলা ও জলঢাকার প্রায় ১৫টি গ্রামের পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে ডিমলার টেপাখড়বাড়ি ইউনিয়নের তিনটি ওয়ার্ডের চরখড়িবাড়ি পূর্বখড়িবাড়ি, টাপুরচর, ঝিঞ্জিরপাড়া ও মেহেরটারী গ্রামে চলছে নদীভাঙন।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেন গতকাল শনিবার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য ২৫ মেট্রিক টন চাল ও ৭০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন।
চরখড়িবাড়ি গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত বালির বাঁধটির প্রায় ৫০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ২০০ পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ওই ইউনিয়নের মধ্য চরখড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনটির একটি অংশ দেবে গেছে আর নতুন ভবনটি হুমকির মুখে পড়েছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ কেজি করে চাল ও বরাদ্দকৃত নগদ টাকা দিয়ে শুকনা খাবার সরবরাহের জন্য ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে।
পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান বলেন, গতকাল সকাল নয়টা পর্যন্ত তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।
গাইবান্ধা: জেলার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীতে পানি বেড়েছে।
পাউবো সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে যমুনা নদীর পানি ফুলছড়ি পয়েন্টে ২৬ সেন্টিমিটার, তিস্তার পানি কাপাশিয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি এরেন্ডাবাড়ি পয়েন্টে ৫৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সাঘাটার কচুয়া ও জুম্মাবাড়ি, তাজপুর ও ফুলছড়ির কঞ্চিবাড়ি ইউনিয়নের প্রায় ৩০০ হেক্টর জমির ফসল ডুবে গেছে। এর মধ্যে পটোল, ঢ্যাঁড়স, করলা, ঝিঙেসহ গ্রীষ্মকালীন সবজির খেত ছিল।
ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে পানি নামার পর স্বল্প সময় লাগে, এমন সবজি চাষের পরামর্শ দেওয়া হবে।