
ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার ২৭টি গ্রামের মানুষ এখনো পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। রাঙামাটির বাঘাইছড়িতে এখনো বাড়িঘরে ফিরতে পারেনি ক্ষতিগ্রস্ত মানুষ। খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নে পানিবন্দী মানুষের দুর্ভোগ কিছুটা কমলেও মেরুং এলাকার পরিস্থিতির অবনতি হয়েছে।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফেনী: ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার ২৭টি গ্রামের মানুষ এখনো পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে আছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরশুরাম উপজেলার সুবার বাজার, কালি কৃষ্ণনগর, মির্জানগর, সলিয়া, চিথলিয়া, বেড়াবাড়িয়া, সালধর, সাতকুচিয়া, উত্তর মনিপুর, দুর্গাপুর, মালিপাথর এবং ফুলগাজী উপজেলার জয়পুর, ঘনিয়োমোড়া, কিসমত ঘনিয়ামোড়া, বৈরাগপুর, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, নিলক্ষ্মী, গাবতলা, মনতলা, দেড়পাড়া, গোসাইপুর, নোয়াপুর, পৈথারা, বদরপুর ও করৈয়া গ্রাম প্লাবিত হয়। এসব গ্রামের মানুষ এখনো পানিবন্দী।
ফুলগাজীর ইউএনও মো. মাহিদুর রহমান জানান, গতকাল শুক্রবার উপজেলা পরিষদের পক্ষ থেকে পানিবন্দী ১ হাজার ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক জানান, গতকাল মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক বলা যাবে না। ভারত থেকে নেমে আসা পানির চাপ কমলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক জানান, পরশুরামের জন্য ১২ মেট্রিক টন এবং ফুলগাজীর জন্য ৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

খাগড়াছড়ি: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে গতকাল সকালে খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় চেঙ্গী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে পড়ে। এতে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
দীঘিনালা: গতকাল সরেজমিনে দেখা যায়, ছোট মেরুংয়ের বেশির এলাকা পানিতে তলিয়ে আছে। লোকজন নৌকায় চলাচল করছে। ছোট মেরুং বাজার এখনো পানিতে তলিয়ে আছে। বড় মেরুং এলাকার বেইলি সেতু পুরোপুরি তলিয়ে গেছে। এতে দীঘিনালা ও লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ। যানবাহন আটকে আছে সেতুর দুই পাশে।
ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে ৩৫টি পরিবার আশ্রয় নিয়েছে।
মেরুংয়ের সোবাহানপুর এলাকার কৃষক আবদুল শুক্কুর জানান, তিনি চার একর জমিতে আমনের চারা রোপণ করেছিলেন। কিন্তু বন্যায় সব শেষ হয়ে গেছে।
মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, বন্যায় ইউনিয়নের এক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারফ হোসেন জানান, ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৩৫টি ও হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৩০টি পরিবারকে ত্রাণ-সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ ও আধা কেজি তেল দেওয়া হয়।
দুটি বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মাঝে গত বৃহস্পতিবার রাতে শুকনা খাবার ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে সেনা চিরন্তন আটাশ।
বাঘাইছড়ি: প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত বাড়িঘরের লোকজন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, প্লাবিত গ্রামগুলোর পরিস্থিতি অপরিবর্তিত আছে। এখনো বাড়িঘরে ফিরতে পারেনি ক্ষতিগ্রস্ত মানুষ। টিউবওয়েল ও রিংওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নূর মিয়া জানান, তাঁর ওয়ার্ডে দুই শতাধিক বসতঘর প্লাবিত হয়েছে। এ ছাড়া দেড় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল আলীম বলেন, উপজেলা পরিষদ থেকে পাঁচ শ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ফেনী অফিস, খাগড়াছড়ি, দীঘিনালা এবং বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি}