পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলার হাবাসপোল এলাকায় পানি উঠে যাওয়ায় একটি পরিবার তাদের বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে। (ইনসেটে) ঘরবাড়িতে পানি ওঠায় মানুষ রাস্তার পাশে বস্তিঘর তুলে আশ্রয় নিয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
যশোরের কেশবপুর উপজেলার হাবাসপোল এলাকায় পানি উঠে যাওয়ায় একটি পরিবার তাদের বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে। (ইনসেটে) ঘরবাড়িতে পানি ওঠায় মানুষ রাস্তার পাশে বস্তিঘর তুলে আশ্রয় নিয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

যশোরের কেশবপুরের জলাবদ্ধ পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিদিন পানি বাড়ায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। কেশবপুর পৌরসভা ও সদর ইউনিয়নের তিন শতাধিক পরিবার যশোর-সাতক্ষীরা সড়কে ঘর বেঁধে আশ্রয় নিয়েছে।
১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সেগুলো বন্ধ হয়ে গেছে। যশোর-সাতক্ষীরা আঞ্চলিক সড়কের পাঁচটি স্থানে পানি উঠেছে। যেকোনো সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
গত বুধ ও বৃহস্পতিবারের অতি বৃষ্টিপাতের কারণে উপজেলার বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। জলাবদ্ধ পানি প্রতিদিন বেড়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম গতকাল শনিবার এক মতবিনিময় সভায় পৌর এলাকাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন।
কেশবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, কেশবপুর পৌরসভাসহ সাতটি ইউনিয়ন জলাবদ্ধ হয়ে পড়েছে। ইউনিয়নগুলো হলো কেশবপুর সদর, মঙ্গলকোট, বিদ্যানন্দকাঠি, সাগরদাঁড়ি, পাঁজিয়া ও সুফলাকাটি ইউনিয়ন। ইতিমধ্যে ৭ হাজার ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
তবে কেশবপুর পৌরসভায় জলাবদ্ধ পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, মধ্যকুল, হাবাসপোল, ভোগতী নরেন্দ্রপুর, সাবদিয়া বায়সা, আলতাপোল, সফরাবাদ, বাজিতপুর, বালিয়াডাঙ্গা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এসব এলাকার ৯০ ভাগ পরিবার এখন পানিবন্দী। তিনি বলেন, হাবাসপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রহ্মকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোগতী নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর কলেজ, কেশবপুর পৌর কারিগরি কলেজ এবং কেশবপুর মহিলা ফাজিল মাদ্রাসা পানি ঢুকে পড়ায় এগুলো বন্ধ হয়ে গেছে। তিনি গতকাল পৌর ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, দুর্গত মানুষ এখনো কোনো সরকারি সাহায্য না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে। তিনি স্বেচ্ছাসেবী সংগঠনদের পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সরেজমিনে গতকাল কেশবপুর পৌর এলাকার মধ্যকুল এবং হাবাসপোল এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি বাড়িতেই পানি উঠেছে। পানি ঢুকে পড়ায় মানুষ আশ্রয়ের জন্য যশোর-সাতক্ষীরা আঞ্চলিক সড়কের দুপাশে ঘর বেঁধে আশ্রয় নিয়েছে। রাস্তায় আশ্রয় নেওয়া কয়েকজন বলেন, এই সড়কের দুপাশে তিন শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়া আজদুর রহমান বলেন, ‘ঘরের মধ্যে পানি ঢুকে পড়ায় রাস্তায় চলে এসেছি। এখন কোনো কাজ নেই, সংসার চালাতে পারছি না।’ হাসি খাতুন বলেন, ‘প্রধান সড়কে উঠে আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে বসবাস করছি। প্রধান সড়কে যেভাবে গাড়ি চলছে, তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
হাবাসপোল এলাকার গৃহবধূ শেফালি বেগম বলেন, ‘ঘরে পানি ঢুকে পড়ায় মাচা করে বসবাস করছি। শুক্রবার আমাকে সাপে কামড়ায়। ওঝা দিয়ে ঝাড়ফুঁক করে ফেলেছি।’ শাহিনুর রহমান বলেন, এই এলাকার প্রতিটি বাড়িতে পানি উঠে যাওয়ায় নলকূপগুলো ডুবে গেছে। উপায় না থাকায় ওই পানিই ব্যবহার করা হচ্ছে। এখন গরু, ছাগল আর মানুষ একঘরে বসবাস করছে।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, তাঁর ইউনিয়নের তিন হাজার পরিবার পানিবন্দী। ১০০ পরিবার প্রধান সড়কে আশ্রয় নিয়েছে। ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সুফলাকাটি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার আবদুস সামাদ বলেন, অপরিকল্পিতভাবে ঘের নির্মাণ করায় তাঁর এলাকার পানি নামতে পারছে না।
কেশবপুরের নাগরিক সমাজের আহ্বায়ক আইনজীবী আবু বকর সিদ্দিকী বলেন, মাছের ঘেরের জন্যই গোটা কেশবপুর এখন জলাবদ্ধ। তিনি অবিলম্বে ঘেরের ভেতরের সরকারি খাল দখলমুক্ত করে কেশবপুরবাসীকে জলাবদ্ধতামুক্ত করার দাবি জানান।
কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির বলেন, যেখানেই ঘেরের মালিকেরা পানি প্রবাহে বাধাগ্রস্ত করবেন, সেখানেই বাধা অপসারণ করা হবে। তিনি বলেন, জেলা প্রশাসন থেকে ১১ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে, শিগগিরই পানিবন্দী মানুষের মাঝে বিতরণ করা হবে।