পানিবন্দী মানুষের মানবেতর জীবন
টানা তিন দিন ধরে বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ারের পানিতে ভোলার পানিবন্দী মানুষ মানবেতর জীবন যাপন করছে।
গত মঙ্গলবার ভোলার কাচিয়া, ধনীয়া, বাপ্তা ও পূর্ব ইলিশা ইউনিয়ন ঘুরে দেখা যায়, পানিবন্দী কয়েক হাজার পরিবার। লোকজন ভেজা কাপড় নিংড়ে আবার পরছে, ঘরের প্রায় সব কাপড়ই ভেজা। ভাটার টানের পরেও হাঁটুসমান পানি। মুষলধারে বৃষ্টি হচ্ছে।
এলাকার কয়েকজন জানান, পূর্ণিমার প্রভাবে তিন দিন ধরে এখানে এই অবস্থা। কাচিয়া ইউনিয়নের কাচিয়া গ্রামের এক হাজার ২০০টি পরিবারের মধ্যে প্রায় এক হাজার পরিবার বাড়িঘর ফেলে অন্যত্র চলে গেছে। মাইনুদ্দিন তালুকদারের বাড়িতে ১৭টি পরিবারের শতাধিক মানুষের বসবাস। এই বাড়ির কয়েকজন জানান, নৌকা ছাড়া তাঁরা বাড়ি থেকে বের হতে পারছেন না। বাড়ির কাছের সড়ক জোয়ারের তোড়ে বিধ্বস্ত হয়েছে। এর আগে জোয়ারের সময় গ্রামের মানুষ উঁচু স্থানে আশ্রয় নিতেন। তুমুল বর্ষণের কারণে এখন তা-ও অসম্ভব হয়ে পড়েছে। রান্নাবাড়া বন্ধ; চিড়া-মুড়ি খেয়ে অনেকের দিন কাটছে।
এ বাড়ির লোকজনের মতোই অবস্থা ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের ২৭ দাগ, সুলতানী, রামদাসপুর, পূর্ব-ইলিশা ইউনিয়নের চরানন্দ, উত্তর ইলিশা, কালুপুর, সোনাডুগি, রামদাসপুর কান্দি, গুপ্তমুন্সি, চর ইলিশা, দক্ষিণ ইলিশা, মুরাদ সফুল্লাহ, বাঘারহাওলা, কাচিয়া ইউনিয়নের কাচিয়া, সাহমাদার, কালিকানগর, পরানগঞ্জ, ভবানীপুর, বাপ্তা ইউনিয়নের উত্তর-পূর্ব বাপ্তা, টবগী, ধনীয়া ইউনিয়নের পরীরহাট, বালিয়াকান্দি, তুলাতুলি গ্রামের প্রায় দুই লাখ মানুষের। শুধু ভোলা সদর উপজেলাই নয়, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় ভাঙা বাঁধ দিয়ে পানি ঢোকায় পাঁচ লক্ষাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড ভোলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, ‘মানুষের দুর্ভোগ কমাতে আমরা দিন-রাত পরিশ্রম করে বাঁধ রক্ষার চেষ্টাসহ বন্যা নিয়ন্ত্রণে রিংবাঁধ করার চেষ্টা করছি। কিন্তু বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ার মুহূর্তেই মাটি ধুয়ে নিচ্ছে। আমাদের চেষ্টার শেষ নেই। কিন্তু দুর্ভোগ কমাতে পারছি না।’