পানিবন্দী লাখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিনের ভারী বর্ষণে কক্সবাজারের আট উপজেলায় দুই লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি ও চিংড়িঘের। রামুতে গতকাল বৃহস্পতিবার বন্যার পানিতে নৌকা ডুবে মারা গেছে দুজন।
টানা বৃষ্টিপাতের কারণে বান্দরবানের ২২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-রাঙামাটি সড়কসহ জেলা ও উপজেলার প্রায় সব সড়কে দুদিন ধরে যানবাহন চলাচল বন্ধ।
স্থানীয় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিল গ্রামে গতকাল বৃহস্পতিবার বন্যার পানিতে নৌকাডুবিতে দুজন মারা গেছে। স্থানীয় সূত্র জানায়, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় গতকাল দুপুরে নারী-শিশুসহ ১৮ জন নৌকাযোগে নিরাপদ স্থানে যাচ্ছিল। এ সময় স্রোতের টানে নৌকাটি উল্টে যায়। এতে ক্যাজরবিল গ্রামের বশির আহমদের মেয়ে কামরুন্নাহার (২০) ও এরশাদ উল্লাহর মেয়ে হুমাইরা বেগম (৩) নিখোঁজ হয়। সন্ধ্যায় গর্জনিয়া বাজারের পাশে তাদের লাশ পাওয়া যায়।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী নৌকাডুবির ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ইউনিয়নের আটটির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁকখালী নদীর ওপর নির্মিত খালেকুজ্জামান সেতুর দুই পাশের সড়ক বিলীন হওয়ায় গর্জনিয়ার সঙ্গে রামু সদরের যোগাযোগ বন্ধ। তিনি জানান, ইউনিয়নের কয়েক হাজার নারী-শিশুকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের কয়েকটি অংশ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া রামু-তেমুহনী-জাদিমুরা সড়কের কয়েকটি অংশ ভেঙে যাচ্ছে।
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ-উল-আলম জানান, বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কমপক্ষে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৫০ হাজার মানুষ।
কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, প্রবল বর্ষণ আর সামুদ্রিক জোয়ারের পানিতে ১৮ গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০ হাজার মানুষ।
সূত্র জানায়, মহেশখালীর ১৩টি গ্রামও প্লাবিত হয়েছে। এতে অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ জানান, জোয়ারের পানিতে উপজেলার ১৩টি গ্রাম প্লাবিত হয়ে ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
প্রবল বর্ষণে কক্সবাজার শহরের বাজারঘাটা, বড়বাজার, গোলদীঘিরপাড়, টেকপাড়া, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া ও নাজিরারটেকসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত আট হাজার মানুষ।
কক্সবাজার-টেকনাফ সড়কের কয়েক কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় ওই সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
চকরিয়া (কক্সবাজার): মাতামুহুরী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়া উপজেলার অন্তত ৪৫টি গ্রাম তলিয়ে গেছে। চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া এলাকায় শহর রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে পৌরসভার অন্তত ১০টি গ্রাম।
সরেজমিন দেখা যায়, চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়ক, জিদ্দাবাজার-কাকারা সড়ক, সুরাজপুর-মানিকপুর সড়ক, পৌর শহরের জনতা মার্কেট-বেতুয়াবাজার সড়ক, খুটাখালী কিশলয় স্কুল সড়ক ও পহরচাঁদা-পেকুয়া সড়ক পানিতে তলিয়ে গেছে। গতকাল সকাল থেকে এসব সড়কে যান চলাচল বন্ধ।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম জানান, পাহাড়ি ঢল ও বেড়িবাঁধ ভেঙে ৫০টিরও বেশি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামার বাঘগুজারা বেড়িবাঁধ ও মগনামা ইউনিয়নের কাকপাড়া বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে মগনামা, উজানটিয়া ও পেকুয়া সদর ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া পাহাড়ি ঢলে শিলখালী, বারবাকিয়া ও টৈটং ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামও প্লাবিত হয়েছে।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, ইতিমধ্যে বন্যাকবলিত লোকজনকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী বলেন, মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ৫ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চকরিয়ার মাতামুহুরী নদীর বাঘগুজারা রাবার ড্যাম পয়েন্টে ২০০ মিটার, পালাকাটা রাবার ড্যামসংলগ্ন এলাকায় ৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে।
বান্দরবান: টানা কয়েক দিনের বৃষ্টিপাতে বান্দরবানের পাঁচ উপজেলায় ২২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে তিনটি উপজেলা শহর।
পানিতে ডুবে থাকায় বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-রাঙামাটি সড়কসহ জেলা ও উপজেলার প্রায় সব সড়কে দুদিন ধরে যানবাহন চলাচল বন্ধ।
গতকাল বিকেল থেকে বৃষ্টি কমে যাওয়ায় কোনো কোনো জায়গায় পানি কমতে শুরু করেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, গত বুধবার রাত থেকে সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালীর পানি দ্রুত বাড়তে থাকে। ভোরে লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা শহর তলিয়ে যায়।
লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু মারমা জানান, উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল ও উপজেলার শহরের প্রধান বাজার ২-৩ ফুট পানিতে তলিয়ে গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, উপজেলা পরিষদ ভবন হাঁটুপানিতে ডুবে গেছে। উপজেলা শহরের বাজার তলিয়ে গেছে। দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় মুঠোফোনের যোগাযোগও বন্ধ হয়ে গেছে।
আলীকদম থানার ওসি আসলাম হোসেন জানান, উপজেলা শহরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। থানা ডুবে যাওয়ায় তাঁরা নিজেরাও সমস্যার মধ্যে আছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, নাইক্ষ্যংছড়ির ১৫ হাজার পরিবার, লামার ৫ হাজার ৪৫০, আলীকদমের ১ হাজার ৯৫, থানচির ৫৩ ও বান্দরবান সদরের ৬০০ পরিবার বন্যায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।