জাহানারা বেগমের বসতঘর হাঁটুপানিতে ডুবে আছে। গোসলখানা ও রান্নাঘর কমপক্ষে দুই ফুট পানির নিচে। ঘরের মালামাল তিনি খাটের নিচে ইট দিয়ে উঁচু করে রেখেছেন। আর পরিবারের সদস্যদের নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন অন্যত্র।
ডেমরার সারুলিয়া ইউনিয়নের পূর্ব ডগাইর গ্রিন সিটি আবাসিক এলাকায় ডিএনডি বাঁধের অভ্যন্তরে বসবাস জাহানারার। একই অবস্থা ওই এলাকার হাবিবুর রহমানেরও। তাঁদের চলাচলের একমাত্র রাস্তাটি এখন কোমরপানির নিচে।
একই অবস্থা বিরাজ করছে ডিএনডি বাঁধের অভ্যন্তরের অন্যান্য এলাকায়ও। পানিতে তলিয়ে গেছে সেসব এলাকার রাস্তাঘাট, সবজিখেত, নার্সারি, বসতঘর, শিল্পকারখানা, মসজিদ, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। কেউ কেউ নৌকায় করে যাতায়াত করছেন। অর্থাভাবে হাবিবুর রহমানের মতো অনেকেই নৌকা কিনতে পারছেন না।
এক মাসেও পানি না কমায় জলাবদ্ধতায় দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে। তবে ডিএনডি পাম্পহাউসের প্রকৌশলীরা বলছেন, পানি নিষ্কাশনের পাম্পগুলো অবিরাম চালু রয়েছে। বৃষ্টি না হলে ১৫ দিনের মধ্যে পানি নিষ্কাশন করা সম্ভব হবে।
১৯৬৫-৬৮ সালে ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুর এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকার ৮ হাজার ৩৪০ হেক্টর এলাকা নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ নির্মিত হয়। ১৯৮৮ ও ১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় সারা দেশ পানিতে ডুবলেও ডিএনডি ছিল বন্যামুক্ত। এরপর থেকেই সেখানে বাড়িঘর নির্মাণের প্রতিযোগিতা শুরু হয়। আর জলাবদ্ধতারও শুরু সেই থেকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই সমস্যা প্রকট আকার ধারণ করে।
এবারও টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ডিএনডি বাঁধের অভ্যন্তরে বসবাসরত কয়েক লাখ মানুষ। তারা এখন মানবেতর জীবন যাপন করছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পূর্ব ডগাইরের পশ্চিম দিকে (মধ্য ডিএনডি) পানি থই থই করছে। গ্রিন সিটি আবাসিক এলাকা, পূর্ব ডগাইর, কোদালধোয়া, তাঁতী পুকুরপাড়, পশ্চিম সানারপাড় এলাকায় পানি আর পানি। পূর্ব ডগাইর ও এর পশ্চিম দিকের এলাকাগুলোয় চলছে নৌকা। সারুলিয়া এলাকার আজাদ বলেন, তাঁদের বাড়ির একমাত্র রাস্তাটি এক মাস ধরে পানির নিচে। নৌকায় করেই তাঁরা যাতায়াত করছেন।
যোগাযোগ করলে শিমরাইল পাম্পহাউসের পাম্প অপারেটর সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি মোকাবিলায় ৫১২ কিউসেক পানি নিষ্কাশনের ক্ষমতাসম্পন্ন চারটি পাম্পই চালু রাখা হয়েছে। এ ছাড়া ৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন আরও পাঁচটি পাম্প চলছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঢাকা যান্ত্রিক পাম্পহাউস বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবদুল জব্বার বলেন, ৫০ বছরের পুরোনো ৫১২ কিউসেক ক্ষমতাসম্পন্ন চারটি পাম্প দিয়ে যে পরিমাণ পানি শীতলক্ষ্যা নদীতে নিষ্কাশন করা হচ্ছে, তার চার গুণ বেশি পানি নিষ্কাশন করতে পারলে ডিএনডিবাসীকে জলাবদ্ধতার হাত থেকে মুক্ত রাখা যাবে।
আবদুল জব্বার আরও বলেন, আর বৃষ্টি না হলে এবং আরও ১৫ দিন পানি নিষ্কাশন করতে পারলে ডিএনডিবাসীর বিপদ কেটে যাবে।