পানিবন্দী লাখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বান্দরবানের লামা উপজেলা। বুকসমান পানি ডিঙিয়ে গন্তব্যে যাচ্ছেন লামা পৌর শহরের এক বাসিন্দা। ছবিটি গতকাল দুপুর সাড়ে ১২টায় লামার বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা l প্রথম আলো
পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বান্দরবানের লামা উপজেলা। বুকসমান পানি ডিঙিয়ে গন্তব্যে যাচ্ছেন লামা পৌর শহরের এক বাসিন্দা। ছবিটি গতকাল দুপুর সাড়ে ১২টায় লামার বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা l প্রথম আলো

টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামা উপজেলায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত সোমবার সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হতে থাকে। গতকাল মঙ্গলবার পানি আরও বাড়ে।

চকরিয়ায় প্লাবিত এলাকায় বন্ধ হয়ে গেছে চারটি সড়কে যানবাহন চলাচল। ইতিমধ্যে ১০০টি আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১২০টি মতো গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এক লাখেরও বেশি মানুষ। রাতের মধ্যে উপকূলীয় আরও পাঁচটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হতে পারে। গতকাল সকাল থেকে মাতামুহুরী নদীতে বিপৎসীমার ওপরে পানি প্রবাহিত হচ্ছে। ওই সময় বাঁধ উপচে ও ভেঙে বেশির ভাগ গ্রামে ঢলের পানি ঢুকে। ডুলাহাজারার পাগলির ছড়ায় একটি মসজিদ বিলীন হয়ে গেছে। ভাঙন দেখা দিয়েছে বেড়িবাঁধের তিনটি স্থানে।

সরেজমিনে দেখা যায়, লক্ষ্যারচরের জিদ্দাবাজার, শিকলঘাট, রোস্তম আলী চৌধুরী পাড়া, কাকারার এসএম চর, শাহওমরাবাদ, চকরিয়া পৌরসভার থানা সেন্টার, খোদারকুম, ভরামুহুরী হিন্দুপাড়া, মাস্টারপাড়া, ভেওলা মানিকচর, সাহারবিল ও বাটাখালী এলাকার প্রতিটি বসতঘরে পানি ঢুকেছে। লোকজন নৌকা, ভ্যান ও ট্রাক নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। পানিতে থই থই করছে চকরিয়া থানা ভবনের নিচতলাও।

শিকলঘাটের গৃহবধূ তসলিমা খানম বলেন, গতকাল ভোর চারটার দিকে তাঁর বসতঘরে পানি ঢুকে। ওই সময় পরিবারের সদস্যদের নিয়ে বিড়ম্বনায় পড়েন তিনি। সকালে রান্না করতে না পেরে চকরিয়া পৌর শহরের আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন।

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, তাঁর ইউনিয়নের চারটি আশ্রয় কেন্দ্রে ৬০০ মানুষ আশ্রয় নিয়েছে। তাঁদের খিচুড়ি বিতরণ করা হয়েছে। অন্য মানুষগুলো উঁচু স্থানে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গেছেন।

সরেজিমনে দেখা গেছে, বানিয়ারছড়া-পহরচাঁদা সড়ক, বরইতলী-পেকুয়া সড়ক, চকরিয়া-বদরখালী সড়ক, জিদ্দাবাজার-কাকারা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মানুষ নৌকায় চড়ে গন্তব্যে যাচ্ছেন।

পানি ছুঁই ছুঁই করছে ঘরের চালা। ছবিটি গতকাল বিকেল তিনটায় চকরিয়ার কাকারা ইউনিয়নের এসএম চর এলাকা থেকে তোলা l প্রথম আলো
পানি ছুঁই ছুঁই করছে ঘরের চালা। ছবিটি গতকাল বিকেল তিনটায় চকরিয়ার কাকারা ইউনিয়নের এসএম চর এলাকা থেকে তোলা l প্রথম আলো

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন বলেন, তাঁর ইউনিয়নের ৩ হাজার পরিবারের ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। লোকজন আশ্রয়কেন্দ্র ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। সকালে ঘোনাপাড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেলে লোকজন স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধের ভাঙন মেরামত করে।

সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক ও কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান বলেন, দুই ইউনিয়নে অন্তত ৩৫ হাজার মানুষ পানিবন্দী রয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রে অন্তত ১০ হাজার মানুষ অবস্থান করছে। গতকাল বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলেনি।

এসব ইউনিয়ন ছাড়াও বরইতলী, হারবাং, সাহারবিল, চিরিংগা, কোনাখালী, বিএমচর, পূর্ব বড় ভেওলা, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, বমুবিলছড়ি, খুটাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ওই সব স্থানে পানিবন্দী হয়ে পড়েছে কমপক্ষে ৭০ হাজার মানুষ।

চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হাসান প্রথম আলোকে বলেন, প্লাবিত এলাকার লোকজনের জন্য এক লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যানদের চিড়া ও গুঁড কিনে দেওয়া হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসব বিতরণ করা হচ্ছে।

ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বান্দরবানের লামা উপজেলা। উপজেলার মাতামুহুরী নদী, লামা খাল, ইয়াংছা খাল, বগাইছড়ি খাল ও পোপা খালের পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে তলিয়ে গেছে গোটা লামা পৌরসভা। এ ছাড়া সদর উপজেলার সাতটি ইউনিয়নের ঘরবাড়ি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার ৫০ হাজার মানুষ। পৌরসভায় প্রশাসনের পক্ষ থেকে খোলা ছয়টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে কয়েক শ দুর্গত মানুষ।

গতকাল মঙ্গলবার বিকেলে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত লামায় বৃষ্টি অব্যাহত ছিল, পাশাপাশি পানিও বাড়ছিল। পৌরসভার বিভিন্ন সড়ক হাঁটু থেকে বুকসমান পানিতে ডুবে ছিল।

গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সমগ্র পৌর শহর হাঁটু থেকে বুক সমান পানিতে ডুবে গেছে। শহরের বিভিন্ন এলাকায় নৌকায় চলাচল করছিল লোকজন। ডুবে গেছে শহরের পাইকারি বাজারও। শহরের সরকারি উচ্চবিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়, ফাজিল মাদ্রাসা ও চেয়ারম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় পাঁচ হাজারের মতো মানুষ।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খিন ওয়ান নু প্রথম আলোকে বলেন, মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে লামা। গতকাল সকাল থেকে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যার কারণে উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী লোকজনকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যাকবলিত মানুষজনকে আশ্রয় দেওয়ার জন্য পৌর শহরে ছয়টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, লামা বাজারসহ পৌর এলাকা এখন পানির নিচে। সোমবার থেকেই পৌর সদরে পানি বাড়ছিল। শুধু পৌর এলাকার প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ভুক্তভোগী মানুষের সংখ্যা বেশি হওয়ায় পানি ও শুকনো খাবারের অভাব দেখা দিয়েছে।

 বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বন্যা পরিস্থিতি দেখতে গতকাল বিকেল পাঁচটায় লামায় এসে পৌঁছান। এ সময় তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্র এবং বাজার এলাকার দুর্গত লোকজনের মাঝে খিচুড়ি ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

দুর্গত লোকজনের মাঝে ত্রাণ কখন দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে ত্রাণ দেওয়ার পরিস্থিতি নেই। পানি কমে গেলে ত্রাণ বিতরণ কাজ শুরু হবে। এ নিয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ একযোগে কাজ করছে।

লামা বাজারের বিভিন্ন দোকানে পানি ঢুকে পড়ায় নষ্ট হয়েছে মজুত পণ্য। এতে আথরিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। লামা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আমান উল্লাহ প্রথম আলোকে বলেন, দোকানে পানি ঢুকে পড়ায় চাল-ডালসহ বিভিন্ন পণ্য নষ্ট হয়েছে। বাজারের ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। লামা বাজারে একটি স্থায়ী আশ্রয়কেন্দ্র থাকলে এত ক্ষতি হতো না বলে মন্তব্য করেন তিনি।

এদিকে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন লামার ইউএনও। ইউএনও খিন ওয়ান নু বলেন, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। যেকোনো দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সহায়তার জন্য ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। খাদ্য গুদামে প্রায় এক শ মেট্রিক টন চাল ও গম মজুত রয়েছে।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেন চকরিয়া প্রতিনিধি ও লামা সংবাদদাতা)