পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিরাম বর্ষণ ও উজান থেকে আসা ঢলে পঞ্চগড়ে করতোয়া নদীর বেড়িবাঁধ ভেঙে শহরের বিভিন্ন মহল্লায় পানি ঢুকে পড়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে পৌর এলাকার কয়েক হাজার মানুষ। পানিবন্দী এসব পরিবারের লোকজন মালপত্র সরিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম জানান, অবিরাম বর্ষণ ও উজান থেকে আসা ঢলে গত মঙ্গলবার দুপুরে করতোয়া নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে শহরের নতুন নতুন অনেক এলাকা প্লাবিত হয়েছে। জরুরি সাহায্য চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার রামেরডাঙ্গা, তুলারডাঙ্গা, নিমনগর, পৌরখালপাড়া, নতুন বস্তি খালপাড়া, এম আর সরকারি কলেজের পেছনের এলাকা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী এসব পরিবারের লোকজন মালপত্র সরিয়ে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। এসব পরিবারের অনেক বাড়িতে এখন কয়েক ফুট পানি। সহস্রাধিক পরিবার শহরের রামেরডাঙ্গা শহীদ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়, রামেরডাঙ্গা মাদ্রাসা, নতুন বস্তি খালপাড়া মাদ্রাসা, এম আর সরকারি কলেজের ছাত্রাবাসের বারান্দায় আশ্রয় নিয়েছে। পানিবন্দী এসব পরিবারের লোকজন কাজকর্ম করতে না পারায় অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা কষ্ট পাচ্ছেন বেশি। এ ছাড়া বিভিন্ন ধরনের ফসলের খেত পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, পানিবন্দী এসব মানুষের সাহায্যে জেলা ত্রাণভান্ডারে কিছুই নেই। পৌর এলাকার পানিবন্দী মানুষের জন্য দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ত্রাণসামগ্রী চেয়ে জরুরি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি।