পানিবন্দীরা ঘেরাও করল পাউবোর কার্যালয়
‘পানি সরাও, জীবন বাঁচাও’ দাবিতে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করেছেন পানিবন্দী মানুষ। গতকাল শনিবার সাতক্ষীরার পৌর এলাকার শতাধিক মানুষ পাউবো কার্যালয় ঘেরাও করে অবিলম্বে পানিনিষ্কাশনের দাবি জানান।
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন ও জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলীনুর খানের নেতৃত্বে পানিনিষ্কাশনের দাবিতে পানিবন্দী শতাধিক মানুষ গতকাল সকাল সাড়ে ১০টায় ওই কার্যালয় ঘেরাও করেন। তাঁরা বলেন, দেবহাটা উপজেলার স্লুইসগেটের মুখে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় ও ইচ্ছামতো চিংড়িঘের করায় লোকালয়ের পানিনিষ্কাশন হচ্ছে না। তাঁরা অবিলম্বে স্লুইসগেটের মুখের পলি ও অপরিকল্পিত চিংড়িঘের অপসারণের দাবি জানান।
সাতক্ষীরা পাউবোর বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হামিদ এ সময় কার্যালয়ে না থাকায় উপবিভাগীয় প্রকৌশলী এস এম আহসান হাবিব কাল সোমবার থেকে পলি অপসারণের কাজ দ্রুতগতিতে শুরু হবে বলে ঘেরাওকারীদের আশ্বস্ত করেন।
সরেজমিনে গতকাল সকালে দেখা গেছে, সাতক্ষীরা শহরের ইটেগাছা, কামাননগর, খড়িবিলা, রইচপুর, দৌলতপুর এলাকার হাজার খানেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়া ১৫-২০টি পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে।
শহরের ইটেগাছা এলাকার কৃষক আমজাদ হোসেন, খড়িবিলা এলাকার কৃষক আমির আলী, কামাননগর এলাকার মুরগি ব্যবসায়ী আজিজুল ইসলাম ও পলালপোল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ইব্রাহিম হোসেন বলেন, গত দুই সপ্তাহের বৃষ্টির সঙ্গে গত শুক্রবার রাত থেকে অবিরাম বৃষ্টিতে তাঁদের এলাকা তলিয়ে গেছে। এসব এলাকার অধিকাংশ পরিবার পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছে। প্রত্যেকের বাড়ির আঙিনায় দেড় থেকে দুই ফুট পানি। অনেকের ঘরের মধ্যেও পানি ঢুকেছে।
ইতিমধ্যে ইটেগাছা এলাকার আলীয়া আযম, আবু বক্কর, ফারুখ হোসেন, হাফিজুর রহমান, মফিজুর রহমান, আবদুস সামাদ, আবদুল গফুর, আবু এছাকেরসহ ১৫-২০টি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ অবস্থা চলতে থাকলে রাতের মধ্যে আরও অনেককে বাড়িঘর ছাড়তে হবে।
পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী এস এম আহসান হাবিব বলেন, ইতিমধ্যে শাকরা স্লুইসগেটের পলি অপসারণের কাজ চলছে। দ্রুত পানিনিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সোমবার থেকে খননযন্ত্রের পাশাপাশি শ্রমিক দিয়ে কাজ করা হবে। তিনি দাবি করেন, অধিকাংশ পানিনিষ্কাশনের খাল ভরাট কিংবা দখল হয়ে গেছে। তাই পানিনিষ্কাশন হতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।